মুম্বই ছেড়ে পুরনো দলেই ফিরতে চান হার্দিক পান্ডিয়া! কিন্তু কোন জেদের জেরে ভেস্তে গেল সেই মেগা ডিল?

আসন্ন আইপিএল (IPL 2027) মরসুমের দলবদল নিয়ে জল্পনা এখন থেকেই তুঙ্গে। মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ঘিরে ফের শুরু হয়েছে বড় জল্পনা। শোনা যাচ্ছে, মুম্বই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে পুরনো দল গুজরাট টাইটানসে (Gujarat Titans) ফিরতে চেয়েপ্রস্তাব দিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়িত হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হার্দিকের একটি বিশেষ শর্ত।

কেন ভেস্তে গেল গুজরাটে ফেরার সম্ভাবনা?

সূত্রের খবর, হার্দিক পান্ডিয়া নিজে থেকেই তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং নীতিগতভাবে দুই পক্ষই এই বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছিল। এমনকী বর্তমান অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছিল এবং শুবমানও এতে বিশেষ আপত্তি জানাননি।

কিন্তু সমস্যা বাঁধে অধিনায়কত্ব নিয়ে। হার্দিকের পরিষ্কার শর্ত ছিল যে, তিনি দলে ফিরলে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয়, দলের অধিনায়ক হিসেবেই ফিরবেন। আর এই শর্ত সামনে আসতেই গুজরাট টাইটানস আর আলোচনায় এগোয়নি। ফলে আপাতত পুরনো দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে হার্দিকের।

মুম্বইয়ে হার্দিকের ভবিষ্যৎ ও অন্যান্য দলগুলির আগ্রহ

২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসার পর থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না হার্দিকের। ২০২৬ সালের আইপিএলে মুম্বইয়ের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক (১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয়)। রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে অধিনায়ক করার পর থেকেই গ্যালারিতে সমর্থকদের একাংশের বিদ্রূপের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

মুম্বই ফ্র্যাঞ্চাইজিও যে তাঁকে আগামী দিনে অধিনায়ক হিসেবে ধরে রাখতে খুব একটা আগ্রহী নয়, তা স্পষ্ট। এই পরিস্থিতিতে কেকেআর (Kolkata Knight Riders) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)-সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এবং তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে বলে খবর। এখন দেখার শেষ পর্যন্ত কোন দলের জার্সিতে দেখা যায় এই তারকা অলরাউন্ডারকে।