‘কথাটার ভুল ব্যাখ্যা হয়েছে!’ যুব সমাজকে ‘নর্দমা প্রজন্ম’ বলা নিয়ে বিস্ফোরক সাফাই কঙ্গনা রানাউতের

দেশের তরুণ সমাজ এবং ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলন নিয়ে ‘নর্দমা প্রজন্ম’ (Generation Gutter) মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপির মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রবল নিন্দার ঝড় ওঠার পর অবশেষে নিজের সেই আপত্তিকর মন্তব্য নিয়ে সাফাই দিলেন তিনি। কঙ্গনার দাবি, তাঁর বক্তব্যকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি নাকি গোটা দেশের যুবসমাজকে নিয়ে ওই কথা বলেননি!

ঠিক কী সাফাই দিলেন কঙ্গনা?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে কঙ্গনা বলেন, কেউ যদি নিজেকে নিজেই ‘আরশোলা’ (Cockroach) হিসেবে পরিচয় দেয়, তবে স্বাভাবিকভাবেই সে নর্দমাতেই থাকবে।

নিজের বক্তব্যকে জোরালো করতে উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমাকে যদি কেউ বলে আমি ড্রেনে বা নর্দমায় বাস করি, তবে আমি সঙ্গে সঙ্গে তা অস্বীকার করব। কারণ আমি তো নিজেকে আরশোলা মনে করি না। কিন্তু যে নিজেকে নিজেই আরশোলা হিসেবে পরিচয় দেবে, সে তো নর্দমাতেই থাকবে!” পাশাপাশি তিনি জোরালোভাবে দাবি করেন, তিনি কখনই বলেননি যে দেশের সমস্ত তরুণ সমাজ নর্দমায় বাস করে। তাঁর দাবি, যুব সমাজের একটি অংশ যখন মাদকাসক্তি, জুয়া বা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, তিনি মূলত সেই নির্দিষ্ট প্রসঙ্গেই কথাগুলো বলেছিলেন।

বিতর্কের সূত্রপাত কোথায়?

কয়েক সপ্তাহ আগে দিল্লির যন্তর মন্তরে ছাত্র ও তরুণদের একটি বড় আন্দোলন ঘিরে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। সেই আন্দোলনের সঙ্গে যুক্ত প্ল্যাটফর্মের নাম ছিল ‘ককরোচ জনতা পার্টি’। আন্দোলনকারীদের সেই ‘ককরোচ’ বা ‘আরশোলা’ নামটিকে ব্যঙ্গ করেই কঙ্গনা তাঁদের ‘নর্দমা প্রজন্ম’ বলে আক্রমণ করেছিলেন। আর তা নিয়েই নেটপাড়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছিল। কঙ্গনার সাম্প্রতিক এই সাফাইয়ের পরেও সেই বিতর্ক থামার কোনো লক্ষণ নেই।