মাদককাণ্ড থেকে ফ্ল্যাট দখল— একাধিক অভিযোগে জেলবন্দি রাকেশ সিংই কি বন্দরের ‘তুরুপের তাস’?

একটানা জেলবাসের পর জামিন পেতেই বড় চমক! জেল থেকে মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টাও কাটল না, এর মধ্যেই কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো বিতর্কিত নেতা রাকেশ সিংয়ের। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবার গেরুয়া শিবিরের বাজি এই দুঁদে নেতা। মঙ্গলবার জেল থেকে বেরোনোর পরেই মেজাজে ধরা দেন রাকেশ। সরাসরি ফিরহাদকে আক্রমণ করে তিনি বলেন, “কলকাতা পোর্টের দাউদ ইব্রাহিমকে এবার আমি হারাব।”

উল্লেখ্য, ২৯৪ আসনের মধ্যে ২৯৩ আসনেই প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি, বাকি ছিল কেবল এই বন্দর আসনটি। রাকেশ সিংয়ের রাজনৈতিক জীবন ও আইনি জটিলতা দীর্ঘ। গত বছর অক্টোবর মাসে কসবায় এক ব্যক্তির ফ্ল্যাট দখল এবং মারধরের অভিযোগে পুলিশ তাঁকে এবং তাঁর দুই সন্তানকে গ্রেফতার করে। এর আগেও মাদককাণ্ড এবং কংগ্রেস অফিসে হামলার অভিযোগে শ্রীঘরে যেতে হয়েছিল তাঁকে। ২০১৯ সালে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে কংগ্রেসি ঘরানা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

প্রার্থী তালিকা নিয়ে রাজ্যজুড়ে বিজেপির অন্দরে যখন বিক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে, তখন রাকেশের মতো ‘হেভিওয়েট’ অথচ বিতর্কিত মুখকে ফিরহাদের বিরুদ্ধে দাঁড় করানোয় রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। তৃণমূল এই মনোনয়নকে ‘দুষ্কৃতীদের প্রশ্রয়’ বলে কটাক্ষ করলেও, বিজেপি এই লড়াইকে ‘জেহাদের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে তুলে ধরছে।