“মাথায় কিচ্ছু নেই, পাগড়ি পরে আসতেন!” অনন্ত মহারাজকে নিয়ে চরম আক্রমণ শানালেন সৌগত রায়

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে ঝড় বইছে। একদিকে যখন অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়েছে এবং তাঁর অনুগামীকে গ্রেফতার করা হয়েছে, তখন এবার তাঁর বিরুদ্ধে খড়্গহস্ত হলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। সরাসরি অনন্ত মহারাজের যোগ্যতা ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে দল থেকে বহিষ্কার করার জোরালো দাবি তুললেন তিনি।

সংসদে অনন্ত মহারাজের উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করে সৌগত রায় বলেন, “উনি তো বিশেষ কিছুই জানেন না। সংসদে উনি পাগড়ি পরে আসতেন, আসলে ওনার মাথায় কিচ্ছু নেই।” নেতাজির অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “নেতাজি ভারতের মানুষের কাছে চিরকাল শ্রদ্ধেয়। নেতাজির অন্তর্ধানের ৮০ বছর কেটে গেলেও তাঁর প্রতি মানুষের সম্মান একটুও কমেনি।”

বিজেপি নেতৃত্বকে নিশানা করে সৌগতবাবু বলেন, “এর মূল্য বিজেপি বুঝতে পারবে না। কারণ বিজেপির কেউ তো স্বাধীনতা সংগ্রামের সময় জেলে যাননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও যাননি, সাভারকার তো আন্দামানে দ্বীপান্তর থেকে ক্ষমা চেয়ে বাইরে এসেছিলেন।”

কোচবিহারের রাজপরিবারের সঙ্গে যুক্ত অনন্ত মহারাজকে সাংসদ করার জন্য বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, “বিজেপি কোচবিহারের রাজবাড়ির একজনকে সাংসদ করল, আর সে আজ যা ইচ্ছে তাই নেতাজি সম্বন্ধে বলে বেড়াচ্ছে! এ তো পুরোপুরি সহ্যের অতীত।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার যে বার্তা দিয়েছেন, তাকে সমর্থন জানিয়ে সৌগত রায়ের দাবি, বিজেপি যেন অবিলম্বে অনন্ত মহারাজকে দল থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়।