সপ্তাহান্তের ছুটিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে? তবে আগেভাগে ট্রেনের খবর জেনে নেওয়াই ভালো। সিগন্যালিং ও সেফটি সিস্টেমের আধুনিকীকরণের লক্ষ্যে দমদম স্টেশনে শুরু হচ্ছে ‘নন-ইন্টারলকিং’-এর কাজ। এর ফলে আগামী ৪ এপ্রিল (শনিবার) রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল (রবিবার) ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত মোট ২৭০ মিনিটের ‘ট্রাফিক ব্লক’ থাকবে। শিয়ালদহ-ডানকুনি, রানাঘাট, বনগাঁ ও কৃষ্ণনগর শাখায় এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে।
বাতিল ট্রেনের তালিকা:
শনিবার: শিয়ালদহ-ডানকুনি (৩২২৪৯/৩২২৫২), শিয়ালদহ-রানাঘাট (৬৩১১১), শিয়ালদহ-নৈহাটি (৩১৪৪৭/৩১৪৫০), শিয়ালদহ-বনগাঁ (৩৩৮৫৯/৩৩৮৬০) এবং শিয়ালদহ-কৃষ্ণনগর (৩১৮৪৪ ডাউন)।
রবিবার: শিয়ালদহ-ডানকুনি (৩২২১১/৩২২১২), শিয়ালদহ-কৃষ্ণনগর (৩১৮১১ আপ) এবং শিয়ালদহ-বনগাঁ (৩৩ত৮১১ আপ)।
যাত্রাপথ পরিবর্তন ও নিয়ন্ত্রণ:
যাত্রীদের ভোগান্তি কমাতে কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবারের লালগোলা-শিয়ালদহ মেমু রানাঘাট পর্যন্ত আসবে। শান্তিপুর লোকাল ও রবিবার ভোরের শিয়ালদহ-শান্তিপুর লোকাল ব্যারাকপুর স্টেশন থেকে যাতায়াত করবে। এছাড়া বনগাঁ লোকাল শিয়ালদহের বদলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়া ও শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





