শ্যুটিং স্পটে অবহেলা না কি দুর্ঘটনা? রাহুলের অকালপ্রয়াণে বিস্ফোরক স্মৃতিচারণ ভাই গৌরবের

গত ২৯ মার্চ টলিউড ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া এখনও কাটেনি। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে টলিপাড়া। ৩০ মার্চ তাঁর বাড়ির সামনে অনুরাগী ও সহশিল্পীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। রাহুল তাঁদের কাছে শুধু সহকর্মী নন, ছিলেন পরিবারের বড় দাদার মতো।

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে গৌরব তুলে ধরেছেন রাহুলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত। লেখালেখিতে উৎসাহ দেওয়া থেকে ব্যক্তিগত সঙ্কটে পাশে থাকা—রাহুলের অবদানের কথা বলতে গিয়ে গৌরব জানান, শেষ মুহূর্তের কষ্টের কথা ভেবে তিনি স্থির থাকতে পারছেন না। একইসঙ্গে শ্যুটিং সেটের গাফিলতি ও ঘটনার পারিপার্শ্বিক ধোঁয়াশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গৌরব ও ঋদ্ধিমা অঙ্গীকার করেছেন, তাঁদের সন্তান ‘ধীর’কে তাঁরা বড় করবেন জ্যেঠু রাহুলের আদর্শ চিনিয়েই।

উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শ্যুটিং চলাকালীন তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ জলে থাকার ফলে তাঁর শরীরে নোনা জল ও বালি প্রবেশ করেছিল এবং ফুসফুস ফুলে গিয়েই ঘটেছিল এই মর্মান্তিক পরিণতি।