মহিষবাথান কাণ্ড! সেক্টর ফাইভের বহুতল থেকে পড়ে মৃত্যু ব্যবসায়ীর, ব্যালকনি থেকে অসাবধানতাবশত পতন?

রবিবার দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটল সল্টলেকের সেক্টর ফাইভের মহিষবাথান এলাকায়। একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে অখিল কোঠারি নামে এক ব্যক্তির। এই ঘটনার তদন্তে নেমেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দুপুরে ওই বহুতল থেকে একটি ফোন আসে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃত অখিল কোঠারি সাত তলার একটি রুমে থাকতেন এবং রবিবার দুপুরে নিজের রুমের ব্যালকনি পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান, যার ফলে তাঁর মৃত্যু হয়েছে।
তবে, এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ, যেমন কোনো ষড়যন্ত্র বা আত্মহত্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। সাত তলা থেকে পড়ে মৃত্যুর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।