মহাষ্টমীর আগেই বিপর্যয়! দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে কী ঘটেছে?

পুজোর মরশুমে বৃষ্টির পর এবার অগ্নিকাণ্ডের বিপর্যয় নেমে এসেছে কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা মণ্ডপ চেতলা অগ্রণীর প্যান্ডেলে আগুন লাগে। এই দুর্ঘটনার পর পুজো উদ্যোক্তারা আপাতত সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মণ্ডপের উপরের অংশে আগুনের ফুলকি দেখা যায়। স্থানীয়দের মতে, টানা বৃষ্টির কারণে প্যান্ডেলের একাংশ ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
দ্রুততার সঙ্গে প্যান্ডেলে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। বর্তমানে মণ্ডপের মেরামতির কাজ চলছে।
মহালয়ার দিন উদ্বোধনের পর থেকেই এই পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল। কিন্তু এই দুর্ঘটনার কারণে বৃহস্পতিবারের জন্য মণ্ডপের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুজোর আনন্দে অনেকটাই ভাটা পড়েছে।