মহাকাশ অর্থনীতিতে নতুন দিগন্ত! গ্রহাণু থেকে সম্পদ আহরণের আইন করে নীরব বিপ্লব আনল ইউরোপের ক্ষুদ্র দেশ লুক্সেমবার্গ

বিশ্বজুড়ে যখন মহাকাশ প্রতিযোগিতায় শক্তিধর দেশগুলো একে অপরের সঙ্গে লড়াই করছে, তখন ইউরোপের এক ছোট্ট দেশ, আয়তনে যা প্রায় দিল্লি এনসিআর-এর সমান— সেই লুক্সেমবার্গ নীরবে মহাকাশ অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এই ক্ষুদ্র দেশটি তাদের বিশাল আর্থিক ক্ষমতাকে ব্যবহার করে মহাকাশ খনন (Space Mining)-এর মতো ঝুঁকিপূর্ণ কিন্তু ভবিষ্যৎমুখী পথে পা বাড়িয়েছে।
ইতিহাস সৃষ্টি: গ্রহাণুর সম্পদের মালিকানা আইন
২০১৭ সালে লুক্সেমবার্গ এমন এক যুগান্তকারী আইন পাশ করে, যার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে গ্রহাণু থেকে আহরিত সম্পদের মালিকানা ও বিক্রির অধিকার দেওয়া হয়। এই পদক্ষেপের ফলে লুক্সেমবার্গ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলোর আগে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মহাকাশ খননের আনুষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করে ইতিহাস সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে গ্রহাণুগুলি হতে পারে প্লাটিনাম, কোবাল্ট, নিকেল-এর মতো মূল্যবান ধাতুর বিশাল উৎস, যার বাজারমূল্য ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। লুক্সেমবার্গের লক্ষ্য হলো নিজেদেরকে ‘মহাকাশের সুইজারল্যান্ড’ করে তোলা, যেখানে স্পেস মাইনিং কোম্পানিগুলোর কেন্দ্র থাকবে।
আর্থিক সক্ষমতা মহাকাশের জ্বালানি
বিশ্বের অন্যতম আর্থিক কেন্দ্র লুক্সেমবার্গ বর্তমানে ৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি গ্লোবাল সম্পদ পরিচালনা করে। দেশটি সেই আর্থিক সক্ষমতাকেই এখন মহাকাশ অর্থনীতির জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সরকার ইতিমধ্যে ২০০ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করেছে এমন স্টার্টআপ কোম্পানিতে, যারা মহাকাশ অনুসন্ধান, খনিজ আহরণ, ও স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে।
লুক্সেমবার্গের প্রো-স্পেস নীতি ও কর সুবিধা বিশ্বজুড়ে উদ্ভাবনী কোম্পানিগুলোকে আকৃষ্ট করেছে। দেশটি ইতিমধ্যে নাসা, ইএসএ এবং জেএএক্সএ-এর সঙ্গে মহাকাশ সম্পদ ব্যবহারে সহযোগিতার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।
ছোট দেশ, বড় নেতৃত্ব
লুক্সেমবার্গের দীর্ঘমেয়াদি লক্ষ্য শুধু মহাকাশে উপস্থিতি নয়, বরং এমন এক অর্থনীতি গড়ে তোলা যা পৃথিবীর বাইরের সম্পদে টিকে থাকবে। তাদের এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অনুরূপ আইন প্রণয়নে অনুপ্রেরণা জুগিয়েছে।
মাত্র ২,৫৮৬ বর্গকিলোমিটারের এই ক্ষুদ্র ইউরোপীয় দেশটি আজ প্রমাণ করছে, ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় আকার নয়, বরং দূরদৃষ্টি ও সাহসই আসল শক্তি। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি তাদের এই প্রচেষ্টা সফল হয়, তাহলে এই দেশটি একদিন হয়ে উঠতে পারে মহাকাশেও মাথাপিছু সবচেয়ে ধনী দেশ।