রাজনীতির দাবার বোড়েতে এবার চাল উল্টে গেল হাড়োয়ায়। যে এলাকায় এককালে বামেদের দাপট ছিল এবং গত কয়েক বছরে শাসকদল তৃণমূলের একাধিপত্য দেখা গিয়েছিল, বুধবার সেখানে ধরা পড়ল একেবারে ভিন্ন চিত্র। হাড়োয়া বিধানসভার অন্তর্গত শাসনতলা ও কালিগাছি গ্রামে দাপট দেখাতে গিয়ে ISF কর্মীদের তাড়া খেয়ে গ্রাম ছাড়তে হল তৃণমূল কর্মীদের।
ঘটনার সূত্রপাত বুধবার সকালে। অভিযোগ, হাড়োয়ার দাসপুর গ্রাম পঞ্চায়েতের কালিগাছি গ্রামে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছিল। ভোটারদের সাফ জানানো হচ্ছিল, তাঁরা যেন বুথমুখো না হন। এই খবর চাউর হতেই রণংদেহী মেজাজে মাঠে নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। এলাকার কয়েকশো কর্মী-সমর্থক একজোট হয়ে তৃণমূলের ওই দলটিকে লক্ষ্য করে ধাওয়া করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ISF কর্মীরা চিৎকার করে বলছেন, “মস্তানগিরি করা হচ্ছে, আর সহ্য করা হবে না।”
ISF-এর এই প্রবল প্রতিরোধের মুখে কার্যত দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করেন তৃণমূল কর্মীরা। গ্রাম ছাড়িয়ে তাঁদের বেশ কিছুটা দূরে তাড়িয়ে দিয়ে তবেই শান্ত হন কর্মীরা। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ISF-এর দাবি, তৃণমূল ভয় দেখিয়ে ভোট লুট করতে চেয়েছিল, কিন্তু সাধারণ মানুষ তা রুখে দিয়েছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, তারা কোনও ভোটারকে প্রভাবিত করেনি, বরং ISF কর্মীরাই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।





