তৃণমূলের ক্যাম্পে সুজন চক্রবর্তী! ‘কীরে বাবু, লাইন কেমন?’ ভোটের সকালে সোনারপুরে সৌজন্যের বিস্ফোরণ

ভোট মানেই যখন দিকে দিকে অশান্তি, মারপিট আর উত্তপ্ত বাক্যবিনিময়, ঠিক তখনই বঙ্গ রাজনীতির এক বিরল ও মনোরম ছবির সাক্ষী থাকল সোনারপুর। বুধবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণের সকালে যুযুধান দুই শিবিরের মধ্যে যে সৌজন্য দেখা গেল, তা কার্যত নজিরবিহীন। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ক্যাম্পের সামনে আচমকাই দাঁড়িয়ে পড়লেন সিপিএমের দাপুটে নেতা সুজন চক্রবর্তী।

লাল পতাকার সেনাপতিকে নিজেদের শিবিরের সামনে দেখে থমকে গিয়েছিলেন ঘাসফুল শিবিরের কর্মীরাও। কিন্তু মুহূর্তেই সেই জড়তা কাটিয়ে সুজনবাবু হাসিমুখে এক কর্মীকে প্রশ্ন করেন, “কীরে বাবু, লাইন কেমন আছে রে?” প্রত্যুত্তরে তৃণমূল কর্মীও সৌজন্য বজায় রেখে বলেন, “লাইন ভালোই আছে।” এরপরই মজার ছলে সুজনবাবু প্রশ্ন করেন, “আমাকে আটকে দিবি না তো?” জবাবে তৃণমূল কর্মী হাসতে হাসতে বলেন, “আপনাকে আটকাব কেন?”

ক্যাম্প অফিসে কিছুক্ষণ সময় কাটিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে হালকা আড্ডায় মাতেন তিনি। এরপর সাধারণ মানুষের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন সুজন চক্রবর্তী। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, “গণতন্ত্রের আসল শক্তি মানুষের ভোট। সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত ভোট মোটের ওপর শান্তিপূর্ণ।” রাজনীতির ময়দানে চড়া সুর থাকলেও, সোনারপুরের এই ‘সাদা-কালো’ ফ্রেম মনে করিয়ে দিল যে ব্যক্তিগত সৌজন্য আজও টিকে আছে বাংলার রাজনীতিতে।