‘মমতার রাজত্বে এটাই বাংলার আসল চেহারা’, নবদ্বীপে নিহত বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দু!

সম্প্রতি নবদ্বীপের মায়াপুরে নৃশংসভাবে খুন হওয়া বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি সঞ্জয়ের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। শুভেন্দু অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত গুন্ডারা সঞ্জয়কে বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা করেছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, “দেবী পক্ষেও মায়েরা কাঁদছে। একদিকে অভয়া ও তামান্নার মা, অন্যদিকে সঞ্জয়ের মা সন্তানহারা হলেন। মমতার রাজত্বে এটাই বাংলার আসল চেহারা।” তিনি আরও বলেন, এই ঘটনার জন্য পুলিশ নিষ্ক্রিয়, তাই তিনি পুলিশের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন।
প্রতিবাদ মিছিল
সঞ্জয়ের পরিবারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিলে অংশ নেন। মিছিলে বিজেপি কর্মীরা কালো পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন।
১৮ সেপ্টেম্বর তারিখে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এটি তৃণমূলের সন্ত্রাস। পুলিশ রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারক দাস, গদাধর রায়সহ ছয়-সাতজন ব্যক্তি সঞ্জয়ের বাড়িতে হামলা চালায়। তারক দাস নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার প্রাক্তন গাড়ি চালক এবং গদাধর রায় স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ, তারা কোনো প্ররোচনা ছাড়াই সঞ্জয়কে ঘর থেকে বের করে এনে বেধড়ক মারধর করে। সঞ্জয়কে বাঁচাতে গেলে তার বাবা-মাও আহত হন। এখন দেখার বিষয়, শুভেন্দুর এই প্রতিবাদ রাজ্য রাজনীতিতে এবং আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলে।