দুর্গাপূজার আগেই উৎসবের ঢাকে কাঠি! বেহালা, খিদিরপুর-সহ একাধিক পুজো উদ্বোধন করলেন মমতা

আসন্ন দুর্গাপূজার আগে এবার রেকর্ড সংখ্যক মণ্ডপ উদ্বোধনের আবেদন পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, প্রায় ৩০০০ মণ্ডপ উদ্বোধনের চাপ সামলাতে মহালয়ার আগের দিন থেকেই উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার বেহালা, খিদিরপুর, আলিপুর, কসবা এবং হরিদেবপুর-সহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি বিখ্যাত পুজোর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে বেহালা বরিশা, নতুন দল, একচল্লিশ পল্লি, খিদিরপুরের পঁচিশ পল্লি, চুয়াত্তর পল্লি, এবং অজেয় সংহতির মতো বড় পুজোও ছিল।

বেহালা মেট্রো নিয়ে স্মৃতিচারণ
বেহালা বরিষার পুজো মণ্ডপ উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী কার্যত স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি বলেন, “বেহালা মেট্রো আমার করে দেওয়া।” তিনি জানান, রেলমন্ত্রী থাকাকালীন তিনিই এই প্রকল্পের অনুমোদন, অর্থের জোগান এবং পরে মুখ্যমন্ত্রী হওয়ার পর জমির ব্যবস্থাও করেছিলেন।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট কলকাতায় তিনটি মেট্রো রুটের সম্প্রসারিত লাইন উদ্বোধনের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে স্মৃতিচারণ করেছিলেন। তিনি এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে লিখেছিলেন, কলকাতা মেট্রো গ্রিডের ব্লু-প্রিন্ট তৈরি করা থেকে শুরু করে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা, সবকিছুই তার হাত ধরেই হয়েছে। তিনি দাবি করেন, টালিগঞ্জ-গড়িয়া, দমদম-গড়িয়া এবং দক্ষিণেশ্বর-দমদমসহ অন্যান্য সংযোগের সূচনা তার হাতেই হয়েছিল।