মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর ডাক! ‘কী এক ঘোরতর পরিহাস’, বিস্ফোরক পোস্টে কোন অন্ধকার যুগের কথা বললেন শ্রীলেখা?

দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। এই বিশেষ দিনটি উপলক্ষে দেশজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দেশের সাধারণ মানুষকে নিজ নিজ ঘর, উপাসনালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের আহ্বান জানানো হয়েছে। আজ গুজরাটের আহমেদাবাদে যেমন একসঙ্গে ৭৬ হাজার প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য প্রান্তেও নানা কর্মসূচি পালিত হচ্ছে। একদিকে যখন রাজ্যজুড়ে মোদির জন্মদিন পালনের ধুম, ঠিক তখনই এই ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
প্রধানমন্ত্রীর জন্মদিনের এই বিশেষ দিনে প্রদীপ জ্বালানোর আহ্বানকে তীব্র কটাক্ষ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রীলেখা লেখেন, “একজন স্বৈরাচারী বা এক স্বৈরাচারী গোষ্ঠী সাধারণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে, জীবিকা কেড়ে নিচ্ছে এবং সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদ আরও গভীর করছে; অথচ একই সঙ্গে তারা দাবি করছে যে তারা স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার।”
অভিনেত্রীর এই পোস্টে সমাজের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আরও লেখা হয়েছে, “আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমরা কেমন এক সমাজ গড়ে তুলছি যেখানে অন্ধ অনুসারীদের ভক্ত হিসেবে মহিমান্বিত করা হয়, আর শিক্ষিত ও ভিন্নমতাবলম্বীদের তকমা দেওয়া হয় দিমাগি নকশাল হিসেবে? এমন এক সময় যখন ভয়ই হয়ে ওঠে শাসনের হাতিয়ার আর ভিন্নমতকে দেখা হয় বিশ্বাসঘাতকতা হিসেবে? আর তারপর আমাদের বলা হচ্ছে প্রদীপ জ্বালাতে। কী এক ঘোরতর পরিহাস। কী এক অন্ধকার যুগে আমরা বাস করছি…”
শ্রীলেখার এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অভিনেত্রীর সাহসিকতার প্রশংসা করে যেমন অনেকে তাঁর সুরেই সুর মিলিয়েছেন, তেমনই আবার অন্য একটি পক্ষ তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। সব মিলিয়ে মোদির জন্মদিনের আবহে শ্রীলেখা মিত্রের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে এখন চর্চা তুঙ্গে।