মধ্যরাতে বিভীষিকা! উলুবেড়িয়া আমতা রোডে বাইক আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু, চাপা দিয়ে পালাল ঘাতক গাড়ি

হৃদয়বিদারক ঘটনা ঘটল উলুবেড়িয়া আমতা রোডে। শুক্রবার গভীর রাতে এক বাইক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে দুই যুবকের। তবে কোন অজ্ঞাতপরিচয় ঘাতক গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া আমতা রোডের ওপর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক এগারোটা নাগাদ ওই দুই যুবক দীর্ঘক্ষণ রাস্তার ওপরই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। পরে স্থানীয়রাই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে মৃত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বয়ান: স্থানীয় এক বাসিন্দা ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেন, “আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। অন্ধকারে প্রথমে দেখি একটি বাইক পড়ে রয়েছে। বন্ধুকে নিয়ে তুলতে গিয়ে দেখি দুজন ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুরো রাস্তায় রক্ত ভেসে যাচ্ছিল। মনে হচ্ছে, কোনো গাড়ি চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।”

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতাতেও একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। রাজারহাটের খাড়োয়া খাল এলাকায় যাত্রীবাহী একটি বেসরকারি বাস রেষারেষি করতে গিয়ে খালে পড়ে যায়। সেই ঘটনায় প্রায় চল্লিশ জন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে।