মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ভারতের অর্থনীতির সুরক্ষায় নড়েচড়ে বসল কেন্দ্র। শনিবার দুপুরে নিজের বাসভবনে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC) সদস্যদের সঙ্গে এক জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখাই ছিল এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।
সূত্রের খবর, পশ্চিম এশিয়ার অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং সরবরাহ শৃঙ্খলের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এবং আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কী কৌশল নেওয়া হবে, তা নিয়েও দীর্ঘ পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী।
দেশের বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগের পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বৈঠকে। বর্তমানে বৈশ্বিক অস্থিরতার মাঝখানে দাঁড়িয়ে ভারতের অর্থনীতিকে কীভাবে নিরাপদ রাখা যায়, তা নিয়ে সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।





