ভোরের জলপাইগুড়িতে জোড়া আতঙ্ক! দুমড়েমুচড়ে গেল গাড়ি, কুয়াশার দাপটে মৃত্যুফাঁদ জাতীয় সড়ক

শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। আর সেই ঘন কুয়াশার জেরেই বুধবার ভোরে হাড়হিম করা দুর্ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসায় জাতীয় সড়কের দুটি পৃথক জায়গায় পরপর দু’বার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এই জোড়া দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ৬ জন, যার মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ভোরবেলা যখন পারদ ৯ ডিগ্রিতে নেমেছে, ঠিক তখনই প্রথম দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কের গোশালা মোড়ে। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, একটি গাড়ির চালক ভিতরেই আটকে পড়েন। পরে পুলিশ ও দমকল গিয়ে তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠায়। এর রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পাহাড়পুর এলাকায়। সেখানে ময়নাগুড়িগামী একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মাছ বোঝাই গাড়ির সরাসরি সংঘর্ষ হয়। এতে আহত হন ৫ জন।
পুলিশ জানিয়েছে, কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না, যা এই দুর্ঘটনার মূল কারণ। পরপর এই ঘটনায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। উত্তরবঙ্গে শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে চালকদের ফগ লাইট ব্যবহার ও গতি নিয়ন্ত্রণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।