ভোটের ফলের আগেই রণক্ষেত্র বাংলা? মমতাকে ‘স্বৈরাচারী’ তকমা দিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী দিলীপের!

বাংলার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সোমবারই নির্ধারিত হবে আগামী পাঁচ বছর রাজ্যের মসনদ কার দখলে থাকবে। কিন্তু তার আগেই উত্তাপ ছড়াল বঙ্গ রাজনীতিতে। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে বেনজির আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুধু তাই নয়, গণনার দিন তৃণমূল বড়সড় অশান্তি পাকাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মমতাকে ট্রাম্পের সঙ্গে তুলনা দিলীপের নির্বাচন পরবর্তী আবহে আক্রমণাত্মক মেজাজে দিলীপ ঘোষ দাবি করেন, প্রথম দফার ভোটের কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল বুঝে গিয়েছে তাদের হার নিশ্চিত। সেই পরাজয় ঢাকতেই এখন নানা নাটক শুরু হয়েছে। দিলীপের কথায়, “গণনার দিন কিছু গন্ডগোল করতে পারেন। কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প রয়েছেন! তিনি পরাজয় মানবেন না। দরকার হলে বোমা মেরে উড়িয়ে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন যে, যারা স্বৈরাচারী মানসিকতার হয়, তারা কোনোভাবেই হার মেনে নিতে পারে না।

পাল্টা দিলেন কুণাল ঘোষ দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যের পাল্টাও এসেছে শাসক শিবিরের পক্ষ থেকে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সরাসরি আক্রমণ করেন দিলীপকেই। তিনি অভিযোগ করেন, দিলীপ ঘোষ আসলে নিজের দলের অন্তর্কন্দল আড়াল করতে চাইছেন। কুণালের দাবি, “দিলীপ ঘোষ বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। উনি আসলে শুভেন্দু অধিকারী এবং রাজ্যে যারা দলবদলু বা ‘তৎকাল বিজেপি’, তাদের বিরুদ্ধেই বেশি লড়েন। বিজেপি হারবে জেনেই এখন এসব অবান্তর কথা বলছেন।”

প্রহর গুনছে বাংলা আগামী সোমবার রাজ্যের ২৯৪টি আসনের ভাগ্যপরীক্ষা। তার আগে ইভিএম (EVM) কারচুপি থেকে শুরু করে স্ট্রং রুমের সিসিটিভি বিভ্রাট— নানা অভিযোগে সরগরম রাজনৈতিক মহল। আজ একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচনও হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই এখন অতিসক্রিয়। একদিকে তৃণমূল যখন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে, অন্যদিকে বিজেপি দাবি করছে যে হারের ভয়ে তৃণমূল অশান্তি ছড়াতে চাইছে। শেষ পর্যন্ত বাংলার জনতা কাকে আশীর্বাদ করল, তার উত্তর মিলবে সোমবার সকালেই। আপাতত কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy