আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে রেল পরিকাঠামো উন্নয়নের প্রচার জোরদার করেছে কেন্দ্রীয় শাসক দল। গত এক দশকে বঙ্গে রেলের গতি শ্লথ থাকার অভিযোগ তুলে বর্তমান সরকার দাবি করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে রেল ব্যবস্থায় এক ঐতিহাসিক রূপান্তর ঘটছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তথ্য অনুযায়ী, ২০০৯-১৪ সালে রাজ্যের জন্য গড় বার্ষিক বাজেট বরাদ্দ ছিল ৪,৩৮০ কোটি টাকা, যা ২০২৬-২৭ সালে তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪,২০৫ কোটি টাকায়।
বর্তমানে রাজ্যে প্রায় ৯৩,০০০ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়নাধীন। এর মধ্যে রয়েছে নতুন ট্র্যাক নির্মাণ, সুরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ এবং ১০০% রেল নেটওয়ার্ক বিদ্যুতায়ন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রাজ্যের ১০১টি স্টেশনকে ৩,৬০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের ‘সিটি সেন্টার’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে আনাড়া, বরাভূম, হলদিয়া, জয়চণ্ডী পাহাড় জংশন, কল্যাণী ঘোষপাড়া, কামাখ্যাগুড়ি, পানাগড়, সিউড়ি এবং তমলুকের মতো ৯টি স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই প্রধানমন্ত্রী নতুন ৬টি স্টেশনের উদ্বোধন করবেন।
সংযোজন ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের মতো হাই-টেক পরিষেবার সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রী সুরক্ষা নিশ্চিতে ৫০০০-এর বেশি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ করা হয়েছে এবং রাজ্যের ১০৫ রুট কিলোমিটারে ‘কবচ’ প্রযুক্তি চালু করা হয়েছে। বেলদা-দাঁতন তৃতীয় রেলপথ এবং কলাইকুণ্ডা-কানিমহুলী অটোমেটিক সিগন্যালিং প্রকল্পের উদ্বোধন বঙ্গের রেল যোগাযোগে নতুন গতি সঞ্চার করবে বলে রেল মন্ত্রকের দাবি।