জ্বালানি সংকটে স্বস্তি! ৪৫ দিনের জন্য কেরোসিন বণ্টনে ছাড়পত্র দিল মোদী সরকার

মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির জেরে রান্নার গ্যাস (LPG) সরবরাহ নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। এই সংকটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২০২২ সাল থেকে রেশন দোকানে কেরোসিন সরবরাহ বন্ধ থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ফের রেশন দোকানে কেরোসিন তেল দেওয়ার অনুমোদন দিল কেন্দ্র।
‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জন্য ৪ হাজার ১০০ কিলো লিটার কেরোসিন তেলের অনুমোদন মিলেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যে এই তেল সংগ্রহ করতে হবে। এরপর রেশন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়া হবে।
দীর্ঘদিন বাদে রেশন দোকানে কেরোসিন ফেরায় খুশি ডিলাররা। তবে তাঁদের দাবি, এলপিজির আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তাই কেন্দ্র যেন কেরোসিন বণ্টন সাময়িক না রেখে স্থায়ী করে। পরিবেশ দূষণের কথা ভেবে কেন্দ্র যে কেরোসিনের গণবণ্টন বন্ধ করে দিয়েছিল, যুদ্ধের আবহে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। কেন্দ্রের এই প্রশংসনীয় পদক্ষেপ জ্বালানি আতঙ্কের বাজারে কিছুটা হলেও স্বস্তি জোগাবে।