যুদ্ধকালীন পরিস্থিতির জেরে ধস! শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ

শুক্রবারের শেয়ার বাজারে চরম অস্থিরতা। ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ সরাসরি এসে পড়েছে স্টক মার্কেটে। আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধকালীন পরিস্থিতি এবং জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারে পৌঁছে যাওয়ায় দেশীয় বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

এদিন নিফটি ৫০ এবং সেনসেক্সের সূচক উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী। নিফটি ব্যাঙ্ক প্রায় ১,১০০ পয়েন্টের বড় ধাক্কা খেয়েছে। রিয়েলটি, অটো, ফিন্যান্স এবং পিএসইউ ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলো অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। পাশাপাশি, ধাতব স্টকগুলোর ওপরও চাপের পাহাড়। উল্টোদিকে, একমাত্র এফএমসিজি (FMCG) সেক্টর এখন সবুজে। বিনিয়োগকারীরা বর্তমানে নিরাপদ ভোগ্যপণ্যের শেয়ারের দিকেই ঝুঁকছেন।

বাজারে ধসের প্রভাব পড়েছে মুদ্রাতেও। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকা এখন ৯২.৪৪-এর নতুন সর্বকালীন সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। সূচকের ৪৫টি শেয়ার লোকসানে লেনদেন করছে, যার মধ্যে হিন্ডালকো, এলঅ্যান্ডটি, টাটা স্টিল এবং টাটা মোটরসের মতো বড় কোম্পানিগুলো শীর্ষে রয়েছে। যদিও টাটা কনজিউমার, এইচইউএল, ট্রেন্ট এবং ভারতী এয়ারটেলের মতো কিছু শেয়ার কিছুটা স্থিতিশীল।

সতর্কবার্তা: শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিসাপেক্ষ। এশিয়ানেট নিউজ বাংলা কোনোভাবেই বিনিয়োগের পরামর্শ দেয় না। যেকোনো আর্থিক সিদ্ধান্তের আগে অবশ্যই আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নিন।