“ভোটের আগেই ঝাড়াই-বাছাই!”-নাম কি বাদ পড়বে SIR-এ? গুছিয়ে রাখুন ১১টি ডকুমেন্ট

পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৯ বছর পর রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR)-এর দিনক্ষণ আজ, ২৭ অক্টোবর, সোমবারই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিকেল ৪.১৫ মিনিটে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের SIR-এর সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেন।

সূত্র অনুযায়ী, SIR-এর প্রথম দফায় ১০ থেকে ১৫টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হতে পারে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, অসম এবং পুদুচেরির মতো রাজ্যগুলি থাকার সম্ভাবনা প্রবল। এই ব্যাপক ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হলে, তালিকায় নাম রাখতে ভোটারদের নির্দিষ্ট কিছু নথি জমা দেওয়া আবশ্যিক।

আপনার নাম কি বাদ যেতে পারে? তৈরি রাখুন জরুরি ডকুমেন্ট

ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করতে এখনই আপনার সমস্ত প্রয়োজনীয় নথি গুছিয়ে রাখা জরুরি। নথিগুলির অভাবেই আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে।

চলতি বছর বিহারে SIR প্রক্রিয়া চলাকালীন মোট ১১টি নথি চাওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নাম বহাল রাখতে একই সংখ্যক ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। এই ১১টি নথির মধ্যে একটি বা একাধিক নথি দিয়ে ফর্ম পূরণ করতে হবে।

SIR-এর জন্য যে ১১টি ডকুমেন্ট (Documents For SIR) প্রয়োজন হতে পারে:

১. কেন্দ্রীয়/রাজ্য/রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র বা অবসরপ্রাপ্তদের জন্য পেনশন পেমেন্ট অর্ডার (PPO)।

২. ০১.০৭.১৯৮৭-এর আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনও পরিচয়পত্র, শংসাপত্র বা নথি।

৩. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট।

৪. পাসপোর্ট।

৫. স্বীকৃত পর্ষদ/বিশ্ববিদ্যালয়ের দেওয়া ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।

৬. রাজ্যের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র (PRC)।

৭. বনভূমি অধিকার শংসাপত্র।

৮. উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত সংশাপত্র।

৯. জাতীয় নাগরিক পঞ্জি (NRC) -এর নথি (যদি প্রযোজ্য হয়)।

১০. রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্টারের তথ্য।

১১. সরকারের তরফে কোনও জমি/বাড়ি বরাদ্দের শংসাপত্র বা দলিল।

বিশেষ দ্রষ্টব্য: শেষবার বাংলায় SIR হয়েছিল ২০০২ সালে। খবরে প্রকাশ, সেই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নতুন করে নথি দেখাতে নাও হতে পারে। তবে নিশ্চিত থাকার জন্য আজকের প্রেস কনফারেন্সে কমিশনের বিস্তারিত ঘোষণার দিকে নজর রাখতে হবে।