ভোটার তালিকায় ৩০ লক্ষের ভাগ্য ঝুলে! ২০০২-এর লিঙ্কে গরমিল, নাগরিকত্ব প্রমাণে দিতে হবে বিশেষ নথি

১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা, আর তাতেই ঘনিয়ে এসেছে আশঙ্কার মেঘ। তথ্য অনুযায়ী, প্রায় ৩০ লক্ষ ভোটারের নিজের বা কোনো নিকটাত্মীয়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যায়নি। এই ‘আন-ম্যাপড’ ভোটারদের নাগরিকত্ব ও ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এই ৩০ লক্ষ মানুষকে ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য নির্ধারিত ১৩টি নথির মধ্যে অন্তত একটি জমা দিতে হবে। কমিশনের কাছে ইতিমধ্যেই ২০ লক্ষ ভোটার তাঁদের প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছেন। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এই নথিগুলি বর্তমানে বিএলও (BLO) এবং ইআরও (ERO)-দের মাধ্যমে কড়া পর্যবেক্ষণে রয়েছে।
কমিশন সূত্রে খবর, অধিকাংশ ভোটারই নাগরিকত্বের প্রমাণ হিসেবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন। এই নথির সত্যতা যাচাই করতে প্রয়োজনে সংশ্লিষ্ট থানা বা অভিবাসন দপ্তরের (Immigration Department) সাহায্য নিচ্ছে কমিশন। নিয়ম অনুযায়ী, নথি সন্তোষজনক হলে শুনানির প্রয়োজন পড়বে না, তবে নথিতে সামান্যতম খামতি বা সন্দেহ থাকলে সংশ্লিষ্ট ভোটারকে সশরীরে শুনানির জন্য তলব করা হবে।