‘ভারতের ইতিহাসে এক গৌরবময় দিন’, বিবেকানন্দের শিকাগো ভাষণকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য সুকান্ত মজুমদারের

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বরকে ভারতের ইতিহাসে এক ‘গৌরবময় দিবস’ বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। ১৮৯৩ সালের এই দিনেই স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে বিশ্বধর্ম মহাসম্মেলনে তাঁর ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন।
সুকান্ত মজুমদার তাঁর এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “১৮৯৩ সালের আজকের দিনেই শিকাগো-তে আয়োজিত বিশ্বধর্ম মহাসম্মেলনে বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী, যা সমগ্র বিশ্বকে চিনিয়ে দিয়েছিল ভারতবর্ষের আধ্যাত্মিক ঐতিহ্য, মানবতা ও সহিষ্ণুতার মহত্ত্ব।”
তিনি আরও বলেন, সেই স্মরণীয় দিনে স্বামীজি কেবল ভাষণ দেননি, তিনি সমগ্র মানবজাতিকে জাগিয়ে তুলেছিলেন। তাঁর সেই আহ্বান আজও লক্ষ লক্ষ তরুণকে অনুপ্রেরণা জোগায়। সুকান্ত মজুমদার এই ‘বীর সন্ন্যাসী’ ও ‘বিশ্ববন্দিত গুরু’-কে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম জানিয়েছেন।