অভিষেকের নাম ভাঙিয়ে তোলাবাজি, পুলিশের জালে আরও এক, এই চক্রে কে কে যুক্ত

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজির ঘটনায় এবার পুলিশের হাতে ধরা পড়ল আরও এক ব্যক্তি। হাওড়ার নাজমূল হুদা-কে জেরা করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ লিলুয়া থেকে অলকেশ রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

কে এই অলকেশ?

পুলিশের দাবি, জেরার সময় নাজমূল হুদা স্বীকার করেছেন যে তিনি অলকেশের নির্দেশেই বিধানসভা নির্বাচনের প্রার্থী খোঁজা এবং তাদের কাছ থেকে টাকার দাবি করছিলেন। এই অলকেশকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে চাইছে। ধৃতকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে আদালত তাকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

কীভাবে এই ঘটনা সামনে এলো?

অভিযোগ, এক ব্যক্তি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছিলেন। অভিযোগটি সরাসরি অভিষেকের কার্যালয়ে পৌঁছানোর পর শেক্সপিয়র সরণি থানার পুলিশ তদন্ত শুরু করে। পার্কস্ট্রিটের একটি হোটেল থেকে অভিযুক্ত শেখ নাজমূল হুদাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করতেই এই চক্রের মূল হোতা হিসেবে উঠে আসে অলকেশ রায়ের নাম। এই ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।