ভারতীয় পরিচয়পত্র-সহ সেনা ক্যাম্পে বাংলাদেশি! কীভাবে বহাল তবিয়তে চলছিল কাজ? নন্দ মণ্ডলের গ্রেফতারিতে তোলপাড়

শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার বাংডুবি সেনা ছাউনি এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল সেনাবাহিনী। ধৃতের নাম নন্দ মণ্ডল, যার ভারতীয় পরিচয়পত্রে জলপাইগুড়ির বাসিন্দা বলে উল্লেখ রয়েছে। কিন্তু তদন্তে জানা গেছে, সে আসলে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।
সেনা ছাউনিতে অনুপ্রবেশ: সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে বাংডুবি সেনা ছাউনির ভেতরে কিছু নির্মাণ কাজ চলছিল। এই কাজের সুপারভাইজার হিসেবে অভিযুক্ত নন্দ মণ্ডল প্রায় তিন-চার দিন ধরে সেনা ছাউনি এলাকায় যাতায়াত করছিল।
যেভাবে ধরা পড়ল: বুধবার, সেনা ছাউনিতে প্রবেশের সময় একটি অপ্রত্যাশিত ভুলের কারণে তার পরিচয় ফাঁস হয়ে যায়। অভিযুক্ত নন্দ মণ্ডল ভুলবশত তার মোবাইল ফোন থেকে কর্তব্যরত সেনা জওয়ানদের কাছে তার বাংলাদেশি পরিচয়পত্রটি দেখিয়ে ফেলে। এতে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী তাকে আটক করে।
জেরার পর সেনা আধিকারিকরা নিশ্চিত হন যে, নন্দ মণ্ডল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেছে এবং ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির আশেপাশে কাজ করছিল। পরবর্তীতে তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উদ্ধার হওয়া নথি: পুলিশ অভিযুক্তের কাছ থেকে একটি বাংলাদেশি পরিচয়পত্র-এর পাশাপাশি জাল ভারতীয় ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এবং এটিএম কার্ড উদ্ধার করেছে। এই ঘটনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বাগডোগরা থানার পুলিশ ধৃত নন্দ মণ্ডলের অবৈধ কার্যকলাপ এবং তার মূল উদ্দেশ্য জানতে পরবর্তী আইনি পদক্ষেপ শুরু করেছে।