ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস বেজ়োসের শক্তিশালী রকেট, দেখেনিন ভাইরাল ভিডিয়ো

মার্কিন ধনকুবের জেফ বেজ়োসের মহাকাশ জয়ের স্বপ্নে বড়সড় আঘাত। ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিধ্বংসী বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল ব্লু অরিজিনের অত্যাধুনিক ‘নিউ গ্লেন’ (New Glenn) রকেট। বৃহস্পতিবারের এই ঘটনায় গোটা লঞ্চপ্যাড মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয়। তবে স্বস্তির বিষয়, এই দুর্ঘটনায় কোনো কর্মী হতাহত হননি।

কী ঘটেছিল? ব্লু অরিজিন সূত্রে খবর, রকেটটিকে উৎক্ষেপণের আগে চূড়ান্ত প্রস্তুতির জন্য একটি ‘হট-ফায়ার টেস্ট’ চালানো হচ্ছিল। এই প্রক্রিয়ায় রকেটকে মাটিতে স্থির রেখে ইঞ্জিন পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষার মাঝপথেই রকেটটিতে একটি ‘অ্যানোম্যালি’ বা গুরুতর প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় এবং মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জেফ বেজ়োস ঘটনার পর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “আজ একটি খুব খারাপ দিন। তবে আমরা আবার ঘুরে দাঁড়াব।” তিনি আশ্বস্ত করেছেন যে, সকল কর্মী সুরক্ষিত রয়েছেন এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মহাকাশ প্রতিযোগিতায় বড় ধাক্কা: ‘নিউ গ্লেন’ ছিল জেফ বেজ়োসের ব্লু অরিজিনের বহু প্রতীক্ষিত হেভি-লিফট রকেট। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের (SpaceX) সঙ্গে পাল্লা দিতেই দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এই রকেট নিয়ে কাজ চলছে। এটি পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় ভবিষ্যতে চাঁদে মালপত্র ও কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। এমনকি নাসা (NASA)-র ভবিষ্যতের ‘মুন বেস’ প্রকল্প এবং আর্টেমিস কর্মসূচির সাথেও ব্লু অরিজিন যুক্ত হওয়ার দৌড়ে রয়েছে। এই দুর্ঘটনার ফলে সংস্থার ভবিষ্যৎ মহাকাশ পরিকল্পনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাস্কের কটাক্ষ: মহাকাশ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী এলন মাস্ক এই দুর্ঘটনার পর ব্লু অরিজিনকে লক্ষ্য করে কার্যত কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রকেট তৈরি করা মোটেও সহজ কাজ নয়, এটি অত্যন্ত কঠিন।”

এর আগেও নিউ গ্লেন প্রকল্প নানা বাধার সম্মুখীন হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের সময় রকেটটি ভুল কক্ষপথে পৌঁছে যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। নাসা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে। এখন দেখার, বেসরকারি মহাকাশ অভিযানের এই প্রতিযোগিতায় ব্লু অরিজিন কত দ্রুত নিজেকে সামলে আবার ঘুরে দাঁড়াতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy