ভয়াবহ তাণ্ডব কলকাতায়! নিউ মার্কেটে বুলডোজার নিয়ে আছড়ে পড়ল গেরুয়া বাহিনী?

পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। কিন্তু মঙ্গলবার রাতে কলকাতার ঐতিহাসিক নিউ মার্কেট এলাকায় যা ঘটল, তা কার্যত নজিরবিহীন। অভিযোগ উঠেছে, জয়ী বিজেপি কর্মীরা বুলডোজার নিয়ে হামলা চালিয়েছে স্থানীয় দোকানপাট এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ‘বুলডোজার রাজনীতি’ নিয়ে সরগরম বাংলা।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রবল উল্লাস এবং উচ্চস্বরে গান বাজার মাঝেই একটি বুলডোজার একের পর এক দোকান গুঁড়িয়ে দিচ্ছে। ঘাসফুল শিবিরের দাবি, নিউ মার্কেট এলাকায় এই তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তৃণমূলের অফিশিয়াল হ্যান্ডেল থেকে বিজেপিকে কটাক্ষ করে লেখা হয়েছে, “বিজেপির বহুল প্রচারিত ‘পরিবর্তন’ শেষ পর্যন্ত বুলডোজার নিয়েই এল। চূড়ান্ত গুন্ডামির মাধ্যমে তারা সাধারণ মানুষের রুটিরুজিতে আঘাত হানছে।”

তৃণমূলের অভিযোগে আরও বলা হয়েছে যে, বিজেপি সমর্থকদের এই আস্ফালন আসলে কেন্দ্রের প্রচ্ছন্ন মদতে। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি কর্মীদের রাস্তায় তাণ্ডব চালানোর অলিখিত ‘লাইসেন্স’ দিয়েছেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও এই ধ্বংসলীলার সময় নীরব দর্শক হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। বিদায়ী শাসক দলের আশঙ্কা, আজ যারা দোকানপাট বা দলীয় কার্যালয় ভাঙছে, কাল তারা বাংলার মণীষীদের মূর্তি কিংবা সাধারণ গরিব মানুষের বাড়িতেও হামলা চালাবে। তবে তৃণমূল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বাংলার মাটিতে যেখানেই বুলডোজার চলবে, সেখানেই প্রতিরোধের দেওয়াল তোলা হবে।

অন্যদিকে, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভিডিওটি শেয়ার করেছেন। ব্যঙ্গাত্মক সুরে তিনি লিখেছেন, “কলকাতার ঐতিহাসিক নিউ মার্কেট। বাঙালিরা পরিবর্তন উপভোগ করছে।” তিনি আরও অভিযোগ করেন, শপথ গ্রহণের আগেই যেভাবে সাম্প্রদায়িক স্লোগান এবং ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে, তা বাংলার সংস্কৃতির পরিপন্থী। এই “গুন্ডামি ও বর্বরতা” বাংলার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই হিংসার ঘটনা বাংলার শান্তিশৃঙ্খলা রক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy