বিদেশ কাঁপাচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ ইলেকট্রিক কার! হু হু করে বাড়ছে গাড়ি রপ্তানি

ভারত থেকে বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির (EV) চাহিদা অবিশ্বাস্য গতিতে বাড়ছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে দেশ থেকে ইভি রপ্তানি ১৪ গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে যেখানে মাত্র ১,১২২টি বৈদ্যুতিক গাড়ি বিদেশে পাঠানো হয়েছিল, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৬৪১ ইউনিটে। আমেরিকা-ইরান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ায় মানুষ সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে, যার ফায়দা পাচ্ছে ভারতীয় অটোমোবাইল কোম্পানিগুলো। এই দুর্দান্ত সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে মারুতি সুজুকির নতুন ইলেকট্রিক এসইউভি ‘ই-ভিটারা’-র। মাত্র তিন মাসে ৪৭টি দেশে ১৫,২১০টি গাড়ি রপ্তানি করে মারুতি বিশ্ববাজারে এক নতুন নজির গড়েছে, যার প্রধান বাজার ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে টাটা মোটরস এবং মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাও বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। উন্নত প্রযুক্তি, আধুনিক ফিচার ও সাশ্রয়ী মূল্যের কারণে এখন ইউরোপ ও জাপানের মতো উন্নত দেশগুলোতেও ভারতীয় ইভি-র কদর আকাশছোঁয়া।