ভয়ংকর পরিস্থিতি নেপালে, সংঘর্ষের আঁচ এবার জেলে! পালানোর চেষ্টা করায় গুলি, আহত বহু

রাজনৈতিক অস্থিরতার জেরে এবার উত্তাল নেপালের কারাগারও। রামেচাপ জেলা কারাগারে বন্দিরা একযোগে পালানোর চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সেনাবাহিনী। এই ঘটনায় অন্তত ডজনখানেক বন্দি আহত হয়েছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসক শ্যামকৃষ্ণ থাপা জানান, বন্দিরা জেলের বেশ কয়েকটি তালা ভেঙে প্রধান ফটকের দিকে এগোচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা গুলি চালাতে বাধ্য হন। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামেচাপ ছাড়াও কাঠমান্ডু, পোখরা এবং ললিতপুরের জেল থেকেও বহু বন্দি পালিয়ে গিয়েছে বলে খবর এসেছে। এই পরিস্থিতিতে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে ভারতের সশস্ত্র সীমা বল (এসএসবি)। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর সীমান্তে ২২ জন নেপালি বন্দিকে আটক করা হয়েছে।

নেপালের এই চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক্স (পূর্বে টুইটার)-এ তিনি লেখেন, “দেশ অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আতঙ্কিত হবেন না। অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন নির্বাচন হবে, মানুষই ঠিক করবে দেশের ভবিষ্যৎ।”

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় একটি নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তা এখন এক সর্বাত্মক রাজনৈতিক অগ্ন্যুৎপাতে পরিণত হয়েছে। এই আন্দোলনে এখন পর্যন্ত ২৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৬০০-রও বেশি আহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ জারি রয়েছে এবং সেনা টহল চলছে।