ফের বৃষ্টির তাণ্ডব! দক্ষিণ থেকে উত্তরবঙ্গ—কোথায় কোথায় জারি হলো ভারী বর্ষণের সতর্কতা?

রবিবার ছুটির দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়। এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং শহরের বিভিন্ন প্রান্তে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। শুধু কলকাতা বা তার আশপাশের এলাকাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি সক্রিয় নিম্নচাপ অঞ্চল এবং জোড়া ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বেশ কিছুদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলার আবহাওয়া ঠিক কেমন থাকবে, একনজরে দেখে নিন তার বিস্তারিত আপডেট।

কী বলছে আবহাওয়া দফতর?

গত শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে সোজা ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ এবং অসমের উপর দিয়েও প্রসারিত হয়েছে। পাশাপাশি গুজরাত থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই সমস্ত সিস্টেমের প্রভাবে রাজ্যজুড়ে আগামী কয়েকদিন আবহাওয়ার মেজাজ এভাবেই উত্তাল থাকতে পারে।

দক্ষিণবঙ্গ নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

আজ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও পরিধি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে মঙ্গল এবং বুধবার দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাজ্যের প্রায় সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। এরপর বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ ও কাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। তবে মাঝে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে। এরপর আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার—এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এছাড়া নীচের দিকের জেলাগুলির কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে শুক্রবার ফের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার ক্ষেত্রে আজ রবিবার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আজ ও কাল শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। এর ফলে সামান্য বাড়তে পারে শহরের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিও বজায় থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বুধবার পর্যন্ত শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে এখনই শহরে বড় ধরনের ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই।