পথেঘাটে গর্তে পড়ে দুর্ঘটনা? প্রশাসনের টনক নড়াতে নিজেই অভিযোগ করুন অনলাইনে, শিখেনিন পদ্ধতি

রাতে হাইওয়েতে বাইক চালাচ্ছেন, হঠাৎই সামনে বড় গর্ত! দুর্ঘটনায় পড়লেন, আর ঠিক পিছনে যদি থাকে একটা ট্রাক? এমন পরিস্থিতিতে প্রাণ নিয়ে টানাটানি হওয়া অস্বাভাবিক নয়। দেশের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে মসৃণ রাস্তা পাওয়ার। এবার এমন সমস্যা সমাধানে এগিয়ে আসার পালা আমাদের নিজেদেরই।
আমরা সবাই রাস্তা, পেট্রোল এবং গাড়ির জন্য নিয়মিত কর দিই। তারপরেও যদি রাস্তার খারাপ অবস্থার কারণে দুর্ঘটনার শিকার হতে হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বহু মানুষের জীবনে এমন ঘটনা ঘটছে যেখানে ছোট ছোট গর্তের কারণে বড় দুর্ঘটনা ঘটছে। এতে কেবল বাইক আরোহীরাই নয়, চার চাকা গাড়ির সকার ও সাসপেনশনেরও মারাত্মক ক্ষতি হয়।
এই ধরনের সমস্যার সমাধানে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। আপনি চাইলে অনলাইনে খুব সহজে সরকারের কাছে আপনার অভিযোগ জানাতে পারেন। এর জন্য রয়েছে একটি নির্দিষ্ট পোর্টাল।
গুগলে সার্চ করুন: আপনার ব্রাউজারে গিয়ে ‘CPGrams’ লিখে সার্চ করুন।
ওয়েবসাইটে প্রবেশ: সার্চ রেজাল্টের একদম উপরেই আপনি অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটটি পাবেন।
অভিযোগ দায়ের করুন: ওয়েবসাইটে ঢুকে আপনার এলাকার ভাঙা রাস্তার একটি ছবি তুলুন। ছবিটি আপলোড করে নির্দিষ্ট বিবরণসহ আপনার অভিযোগটি দায়ের করুন।
এই একটি মাত্র পদক্ষেপের মাধ্যমে আপনার অভিযোগটি সরকারি খাতায় প্রমাণসহ নথিভুক্ত হয়ে যাবে।
অনেকেই মনে করেন, “আমার একার অভিযোগে কী হবে?” কিন্তু মনে রাখবেন, ছোট ছোট অনেক অভিযোগ একত্রিত হয়েই বড় প্রভাব সৃষ্টি করে। যদি দেশের হাজার হাজার মানুষ নিজ নিজ এলাকার সমস্যা নিয়ে সরব হন, তবে সরকারের ওপর চাপ তৈরি হবেই। আর তখনই দেখবেন আপনার-আমার মতো সাধারণ মানুষের এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে গেছে।