‘বেঙ্গলি প্যানোরমা’-য় ৭ ছবির ঝড়! মমতা শঙ্কর থেকে সুদীপ্তা-পায়েলের কামাল, নজর কাড়বে কোন সিনেমা?

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2025)-এর ‘বেঙ্গলি প্যানোরমা’ বিভাগে এবার জায়গা করে নিয়েছে মোট সাতটি ছবি। বাঙালি দর্শক ও সমালোচকদের নজরে থাকবে চন্দ্রাশিস রায়ের ‘পড়শি’, রাজা চন্দর ‘হালুম’, ডা. রুদ্রজিৎ রায়ের ‘পিঞ্জর’, রেশমি মিত্রর ‘বড়বাবু’, নন্দন ঘোষের ‘গেট আপ কিংশুক’, অমিতাভ চট্টোপাধ্যায়ের ‘8’ (আট) এবং সুমন মৈত্রর ‘অ2’। এই ৭টি ছবিই উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে।

‘পিঞ্জর’: মল্লিকা, ঈশান, জয় সেনগুপ্তের জীবনের গল্প

ডা. রুদ্রজিৎ রায়ের পরিচালিত দ্বিভাষিক (বাংলা ও হিন্দি) ছবি ‘পিঞ্জর’ দেখানো হবে ৮ নভেম্বর নজরুল তীর্থ-২-এ বিকেল ৫টায় এবং ১০ নভেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে ৬ টায়। ২ ঘণ্টা ১৭ মিনিটের এই ছবিতে তারক, শেফালি, ঝিমলি, ইকবাল এবং পারমিতাদের ভিন্ন জীবন কাহিনি তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় রায়, ঈশান মজুমদার, জয় সেনগুপ্ত, শতাক্ষী নন্দী, তথাগত মুখোপাধ্যায় সহ অনেকে। বিশেষ চরিত্রে দেখা যাবে মমতা শঙ্করকে। অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় রায় ছবিটি কলকাতায় প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পরিচালক রুদ্রকে শুরুতে বিশ্বাস করতে পারিনি, আজ ও প্রমাণ করল আমি ভুল, ও ঠিক। কলকাতায় এই ছবি দেখানোর সুযোগ পেয়ে গর্বিত।”

‘গেট আপ কিংশুক’: ঘুম না আসার সমস্যা নিয়ে তৈরি অন্য স্বাদের ছবি

নন্দন ঘোষের পরিচালনায় ‘গেট আপ কিংশুক’ দেখানো হবে ৭ নভেম্বর নজরুল তীর্থ ২-এ বিকেল ৫টায় এবং ১১ নভেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে ৬টায়। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাহির রাজ। মফস্বলের ছেলে কিংশুকের কলকাতায় এসে চাকরি এবং প্রেম হলেও তার জীবনে সমস্যা সৃষ্টি করে ‘রাতে ঘুম না আসা’র রোগ। এই সমস্যা তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কীভাবে প্রভাবিত করে, সেটাই ছবির মূল উপজীব্য। শাহির জানিয়েছেন, ছবিটি পুরনো দিনের টেলিফিল্মের মেজাজে তৈরি।

‘পড়শি’, ‘হালুম’, ‘বড়বাবু’-সহ বাকি ছবিগুলি:

‘পড়শি’ (পরিচালক: চন্দ্রাশিস রায়): এক রহস্য-থ্রিলার। খুনি সম্পর্কে জানতে পারা এক যুবকের মানসিক দ্বন্দ্বর গল্প। অভিনয়ে ইন্দ্রাশিস রায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। (প্রদর্শনী: ৯ নভেম্বর রবীন্দ্র সদন ও ১২ নভেম্বর রাধা স্টুডিয়ো)

‘হালুম’ (পরিচালক: রাজা চন্দ): শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে বীরভূমের পল্লী জীবন। বাঘু মান্নার চরিত্রে সত্যম ভট্টাচার্য, ময়নার চরিত্রে পারিজাত চৌধুরী। অভিনয়ে চন্দন সেন, সুদীপ্তা চক্রবর্তীও। (প্রদর্শনী: ৮ নভেম্বর রবীন্দ্র সদন ও ১৩ নভেম্বর রাধা স্টুডিয়ো)

‘বড়বাবু’ (পরিচালক: রেশমি মিত্র): কিংবদন্তী থিয়েটার ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ির জীবন অবলম্বনে তৈরি। শিশির কুমার ভাদুড়ির চরিত্রে সুজন (নীল) মুখোপাধ্যায়, সঙ্গে প্রভাদেবীর চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী এবং কঙ্কাবতীর চরিত্রে পায়েল সরকার। এর আগে ‘নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভাল’-এ সেরা ছবির পুরস্কার পেয়েছে এটি। (প্রদর্শনী: ৭ নভেম্বর রবীন্দ্র সদন ও ৯ নভেম্বর নজরুল তীর্থ ২)

‘8’ (আট) (পরিচালক: অমিতাভ চট্টোপাধ্যায়): পরিচালকের আট বছরের অভিজ্ঞতা নিয়ে তৈরি সাদাকালো ছবি। (প্রদর্শনী: ৮ নভেম্বর রাধা স্টুডিয়ো ও ১১ নভেম্বর রবীন্দ্র সদন)

‘অ2’ (পরিচালক: সুমন মৈত্র): ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁর চেতনাকে শ্রদ্ধা জানিয়ে তৈরি এক স্বাধীন ছবি। অপুর জীবনের অপূর্ণতা ও লেখার টানই মূল বিষয়। (প্রদর্শনী: ১০ নভেম্বর নজরুল তীর্থ ২ ও ১২ নভেম্বর রবীন্দ্র সদন)

এই ৭টি ছবির প্রদর্শনী সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।