OMG! বুকের দুধের স্বাদের আইসক্রিম বিক্রি হচ্ছে বাজারে, বিতর্কের ঝড় নেটপাড়ায়

অবিশ্বাস্য মনে হলেও সত্যি, স্তন্যদুগ্ধের স্বাদের আইসক্রিম নিয়ে এসেছে মার্কিন সংস্থা ‘ফ্রিডা’। নিউ ইয়র্কের বিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘অডফেলোস আইসক্রিম কোম্পানি’-র সঙ্গে হাত মিলিয়ে তারা এই নতুন ধরনের আইসক্রিম বাজারে এনেছে, যা নিয়ে নেটপাড়ায় এখন তুমুল শোরগোল।

‘ফ্রিডা’ তাদের এই নতুন উদ্যোগের প্রচারের জন্য সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে নিউ ইয়র্কের ব্রুকলিনের রাস্তায় ‘ব্রেস্ট মিল্ক আইসক্রিম’ লেখা একটি ট্রাক দেখা যাচ্ছে, যা পথচলতি মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সংস্থা জানিয়েছে, ৫ থেকে ১০ আগস্টের মধ্যে এই অভিনব স্বাদের আইসক্রিম চেখে দেখার সুযোগ পাবেন আইসক্রিমপ্রেমীরা।

অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই আইসক্রিম কি সত্যিই মায়ের বুকের দুধ ব্যবহার করে তৈরি করা হয়েছে? প্রস্তুতকারীরা স্পষ্ট জানিয়েছেন যে, এই আইসক্রিমের স্বাদ মায়ের বুকের দুধের মতো হলেও, এটি তৈরিতে আসল স্তন্যদুগ্ধ ব্যবহার করা হয়নি। বরং বুকের দুধের স্বাদ অনুকরণ করার জন্য দুধ, ভারী ক্রিম, স্কিম মিল্ক পাউডার, চিনি, ডিমের কুসুম, মধু সিরাপ এবং লবণাক্ত ক্যারামেল ফ্লেভারিং-এর মতো বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে লিপোসোমাল বোভাইন কোলোস্ট্রাম এবং কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে।

কেমন খেতে এই আইসক্রিম? ‘ফ্রিডা’-র পক্ষ থেকে জানানো হয়েছে, আইসক্রিমটির স্বাদ মূলত মিষ্টি, তবে এতে সামান্য নোনতা এবং মধুর একটি হাল্কা স্বাদও পাওয়া যাবে। তাদের দাবি, সব মিলিয়ে এই আইসক্রিম থেকে মায়ের বুকের দুধের একটি স্বতন্ত্র এবং পরিচিত স্বাদ পাওয়া যাবে।

এই অভিনব আইসক্রিমের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এই উদ্যোগকে হাস্যকর এবং অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ একে একটি নতুন ধরনের মার্কেটিং কৌশল হিসেবে দেখছেন। তবে বিতর্ক যাই হোক না কেন, স্তন্যদুগ্ধের স্বাদের এই আইসক্রিম যে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তাতে কোনো সন্দেহ নেই।