ছোট ঘরকে বড় দেখানোর সহজ উপায়, সাজানোয় আনুন স্মার্ট কৌশল

শহুরে জীবনযাত্রায় ছোট আকারের ফ্ল্যাট বা ঘর এখন খুব সাধারণ একটি বিষয়। ঘরের সীমিত স্থান অনেক সময় দমবন্ধ করা অনুভূতি তৈরি করতে পারে। কিন্তু কিছু সহজ কৌশল অবলম্বন করে এই ছোট ঘরগুলোকেও অনেক বড় এবং খোলামেলা দেখানো সম্ভব। সঠিক আসবাবপত্র নির্বাচন এবং বুদ্ধিদীপ্ত সাজানোর মাধ্যমেই একটি ছোট ঘরকে আকর্ষণীয় এবং আরামদায়ক করে তোলা যায়।

ছোট ঘর সাজানোর ক্ষেত্রে যে নিয়মগুলো অনুসরণ করা জরুরি:

১. বহুমুখী আসবাবপত্র: এমন আসবাবপত্র কিনুন যা একাধিক কাজে ব্যবহার করা যায়। যেমন, সোফা-কাম-বেড, যা দিনের বেলায় সোফা এবং রাতে বিছানা হিসেবে ব্যবহার করা যায়। একইভাবে, এমন একটি টেবিল রাখুন যা খাবার টেবিল এবং অফিসের কাজ করার টেবিল হিসেবেও ব্যবহার করা যায়। দেয়াল জোড়া বইয়ের তাকে ড্রয়ারের ব্যবস্থা থাকলে সেখানে অনেক ছোট জিনিসপত্র গুছিয়ে রাখা যায়।

২. হালকা রঙের ব্যবহার: ঘরের দেয়ালের জন্য হালকা রং বেছে নিন। সাদা, অফ-হোয়াইট বা হালকা নীল রঙের মতো শেড ব্যবহার করলে ঘরকে বড় এবং উজ্জ্বল দেখায়। এতে ঘরের সামগ্রিক আয়তন অনেক বেশি মনে হয়।

৩. আয়না এবং খালি দেয়াল: দেয়ালে খুব বেশি ছবি বা সাজসজ্জার জিনিস না রেখে কিছু অংশ খালি রাখা উচিত। এতে ঘর আরও খোলামেলা মনে হবে। তবে যেকোনো একটি দেয়ালে একটি বড় আয়না ব্যবহার করলে ঘরটি তাৎক্ষণিকভাবে অনেক বড় দেখায়।

৪. সঠিক আলোর ব্যবহার: ছোট ঘরে আলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল জায়গায় আলো লাগালে ঘর আরও ছোট মনে হতে পারে। তাই, ঘরের আকার অনুযায়ী সঠিক জায়গায় আলো বসাতে হবে। সিলিংয়ের উচ্চতা লম্বা হলে ঘর আরও বড় দেখায়, তাই ফলস সিলিং লাগানোর সময় সতর্ক থাকতে হবে।

৫. প্রাকৃতিক আলো: ঘরে প্রাকৃতিক আলো আসার ব্যবস্থা করুন। বড় জানালা এবং হালকা রঙের পর্দা ব্যবহার করলে সূর্যের আলো ভালোভাবে ঘরে ঢুকতে পারবে। এতে ছোট ঘরও স্নিগ্ধ এবং আরামদায়ক হয়ে উঠবে।

এই টিপসগুলো মেনে চললে ছোট ঘরকে বড় দেখানোর পাশাপাশি তা কার্যকরী এবং আকর্ষণীয় করে তোলা সম্ভব।