বিহারের পূর্বাভাস ভুল প্রমাণিত! অমিত শাহের ১৬০ আসনের টার্গেট ভেঙে ১৮৮-তে NDA, নীতীশকে সরিয়ে কি এবার বিজেপির মুখ্যমন্ত্রী?

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিকে এগোচ্ছে, তাতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ জোট (এনডিএ) স্পষ্টতই ‘ক্লিন স্যুইপ’-এর পথে। প্রত্যাশিত জয় হলেও, আসন সংখ্যা এবং ভোটের প্রবণতা অনেকেই কল্পনা করেননি। তবে এসবের মধ্যে মহাজোটের শরিক কংগ্রেস (Congress) কার্যত খেই হারিয়ে ফেলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাজোটে রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর পরই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা (CPM), যা কংগ্রেসের জন্য এক বিরাট ধাক্কা।
শেষ পাওয়া ট্রেন্ড অনুযায়ী, বিজেপি, জেডিইউ, লোজপা(আরভি)-সহ এনডিএ জোট মোট ১৮৮টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে বিজেপি ৮৪, জেডিইউ ৭৭, এলজেপি(আরভি) ২২, হামস ৫ এবং আরএলএম ২ আসনে এগিয়ে।
অন্যদিকে, মহাগঠবন্ধন (Mahagatbandhan) এগিয়ে রয়েছে মাত্র ৫১টি আসনে। এই জোটে আরজেডি ৩৫, সিপিআই(এমএল) ৭, কংগ্রেস ৫ এবং ভিআইপি ও সিপিআই(এম) – দুটি দলই একটি করে আসনে লড়াইয়ে এগিয়ে। এই পরিসংখ্যান বলছে, মহাজোটে আসন জয়ের ক্ষেত্রে কংগ্রেসের চেয়ে বামেরা স্পষ্টতই এগিয়ে রয়েছে।
এই শোচনীয় ফল নিয়ে ইতিমধ্যেই কংগ্রেসকে খোঁচা দিতে শুরু করেছে বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য মন্তব্য করেছেন, “আরও একবার ভোট, আরও একবার হার – এই শব্দবন্ধই রাহুল গান্ধীর নামের সঙ্গে সেঁটে গেছে। যদি নির্বাচন-বিশ্বে ধারাবাহিকতার পুরস্কার থাকত, রাহুলই তা জিতে নিতেন।”
তবে, সব এক্সিট পোলই কংগ্রেসকে বড় কোনও জায়গায় রাখেনি। অ্যাক্সিস মাই ইন্ডিয়া কংগ্রেসকে ১৭–২১ আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
এদিকে, বিহারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া পূর্বাভাসও পিছনে ফেলে দিয়েছে এনডিএ। ভোটের আগে শাহ বলেছিলেন, এনডিএ “১৬০টির বেশি আসন” পেতে চলেছে। কিন্তু গণনার প্রবণতা দেখাচ্ছে, জোট পৌঁছে গিয়েছে ১৮৬টি আসনে, যা কার্যত শাহের অনুমানকে ছাপিয়ে গেছে।
প্রশ্ন উঠছে, এই বিপুল জয় সত্ত্বেও নীতীশ কুমার কি দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন? নির্বাচনী কৌশলগত কারণেই বিজেপি নির্বাচনের আগে বারবার এড়িয়ে গিয়েছে যে নীতীশ কুমারই জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউই সরাসরি এর উত্তর দেননি।
পর্যবেক্ষকদের মতে, বিজেপি শুধু জোটের মধ্যে এগিয়ে নয়, বরং লোক জনশক্তি নেতা চিরাগ পাসোয়ান প্রায় সম্পূর্ণরূপে বিজেপির সমর্থনে রয়েছেন। চিরাগ বরাবরই নীতীশ বিরোধী। ফলে, এই ফলাফলের পর নীতীশের পরিবর্তে বিজেপির কোনো নেতাকে মুখ্যমন্ত্রী করার প্রশ্নে চিরাগের দল অমিত শাহের পাশেই থাকবে বলে মনে করা হচ্ছে।