বিরাটের আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ? টানা দুই ম্যাচে শূন্য, ক্যানবেরার ম্যাচটিই কি শেষ সুযোগ কোহলির?

বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে তারকা ব্যাটার বিরাট কোহলি চার বল খেলে শূন্য রানে আউট হওয়ার পরই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়ে বড়সড় জল্পনা শুরু হয়েছে। ওডিআই কেরিয়ারে প্রথমবার পরপর দুই ম্যাচে শূন্য রানে (ডাক) আউট হলেন বিরাট। পারথে সিরিজের প্রথম ম্যাচেও তিনি আট বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন।

চাপে কোহলি, অবসর জল্পনা তুঙ্গে
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট। এ বছর ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন এই তারকা। বর্তমানে তিনি শুধু ওডিআই ফর্ম্যাটেই খেলছেন। কিন্তু সাত মাস পর জাতীয় দলে ফিরে পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় বিরাট কোহলি এখন প্রবল চাপে।

পারফরম্যান্স: বিরাট কোহলির দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। ওডিআই ফর্ম্যাটে তিনি এখনও পর্যন্ত ১৪,১৮১ রান করেছেন, যার মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই রয়েছে ৫টি শতরান-সহ ১,৩২৭ রান। কিন্তু এবারের অস্ট্রেলিয়া সফরে তিনি ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ।

শনিবার ক্যানবেরার মানুকা ওভালে (Manuka Oval) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচটি খেলবে ভারত। ক্রিকেট মহলে জল্পনা, যদি সেই ম্যাচেও তিনি রান না পান, তাহলে হয়তো তাঁকে আর কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নাও দেওয়া হতে পারে। সেই কারণে শনিবারের ম্যাচটি বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে বলে মনে করা হচ্ছে।

দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল
বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই অবসর নেওয়া উচিত কি না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই নানা মন্তব্য করছেন। তবে, এই কঠিন পরিস্থিতিতে তারকা ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা।