বিয়ে স্থগিত, বিতর্কের ঝড়, কেমন জীবনসঙ্গী চান? KBC-তে দেওয়া স্মৃতি মান্ধানার মন্তব্য এখন ভাইরাল

বিশ্বকাপ জয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) সব সময়ই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে থাকেন। সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে স্থগিত হওয়ার পর থেকেই স্মৃতিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই বিতর্কের আবহে চর্চায় উঠে এসেছে পছন্দের মানুষ নিয়ে স্মৃতিরই এক পুরনো মন্তব্য।
স্মৃতি মান্ধানা এবং গায়ক পলাশ মুচ্ছলের বিবাহ অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু জমকালো অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগেই স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।
পলাশের গোপন চ্যাট ঘিরে জল্পনা
বাবার অসুস্থতার কারণে বিয়ে স্থগিত হওয়ার পরপরই পলাশ মুচ্ছলের প্রাক্তন প্রেমিকা বা বান্ধবীর সঙ্গে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা বিতর্ক সৃষ্টি করে। এই স্ক্রিনশটগুলিতে পলাশ এক মহিলাকে বিলাসবহুল হোটেলে সাঁতার কাটার প্রস্তাব দেন এবং স্বীকার করেন যে দূরত্বের কারণে স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্ক এখন আর আগের মতো নেই। যদিও এই স্ক্রিনশটগুলির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
KBC-তে স্মৃতি মান্ধানা কী বলেছিলেন?
এই সমস্ত জল্পনা-কল্পনার মাঝেই চর্চিত হচ্ছে স্মৃতির সেই পুরনো মন্তব্য, যা তিনি অমিতাভ বচ্চনের সঞ্চালিত জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati)-র অনুষ্ঠানে করেছিলেন।
একবার KBC-তে দর্শকদের মধ্যে থাকা এক অনুরাগী স্মৃতিকে প্রশ্ন করেছিলেন যে, ‘আপনার তো অনেক পুরুষ অনুরাগী রয়েছে। কিন্তু পুরুষদের মধ্যে কোন গুণটা আপনার বেশি পছন্দের?’
সেই প্রশ্নের উত্তরে স্মৃতি হাসতে হাসতে বলেছিলেন, “এমন প্রশ্ন আমি আশা করিনি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ছেলেটা যেন ভালো হয়।”
স্মৃতির এরকম উত্তরে সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁকে বিশদে পছন্দের পুরুষের বর্ণনা দিতে বললে স্মৃতি স্পষ্ট করে দেন তাঁর চাওয়া। তিনি বলেছিলেন, “ছেলেটি যেন যত্নশীল হয়। সে যেন আমাকে এবং আমার পেশাকে ভালো করে বোঝে। এই দুটো জিনিসই আমার কাছে সবচেয়ে জরুরি। কারণ আমি তাকে বেশি সময় দিতে পারব না। সেটা যেন সে বোঝে। আমি একজন পুরুষের মধ্যে এগুলোই দেখি।”
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই স্মৃতির অনুরাগীদের অনেকেই তাঁর এই সরল এবং স্পষ্টবাদী মন্তব্যের প্রশংসা করছেন। তবে বিতর্কের আবহে অনেকেই দুঃখ প্রকাশ করে বলছেন, হয়তো পলাশ সেই যত্নশীল মানুষটি নন, যিনি স্মৃতির পেশা বোঝেন।