UPI-এর বিশ্বশক্তি: অক্টোবরে লেনদেন ২০০০ কোটি পার! ইউপিআইকে আপন করতে প্রস্তুত আরও ৭-৮টি দেশ

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) শুক্রবার এক ঐতিহাসিক ঘোষণা করেছে। ভারতের জনপ্রিয় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবার ইউরোপের টার্গেট ইনস্ট্যান্ট পেমেন্ট সেটেলমেন্ট বা TIPS (টিপস) ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চলেছে। এটি ভারতের ডিজিটাল অর্থনীতির জন্য এক বিশাল পদক্ষেপ। ইউরোসিস্টেম দ্বারা পরিচালিত TIPS-এর সঙ্গে ইউপিআইয়ের এই যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য হলো ভারত ও ইউরোপের একাধিক দেশের মধ্যে তাৎক্ষণিক ও সহজ লেনদেন সম্ভব করা।

এই নতুন উদ্যোগে ভারত ও ইউরোপ—উভয় অংশের ব্যবহারকারীরা সুবিধা পাবেন। বিশেষত, যে সব ভারতীয়রা ইউরোপে ব্যবসা-বাণিজ্য করেন বা সেখানে ঘুরতে যান, তাঁদের জন্য লেনদেন অনেক সহজ এবং দ্রুত হয়ে যাবে। এই সুবিধার বাস্তবায়ন শুরু করেছে আরবিআই (RBI) এবং এনপিসিআই-ইন্টারন্যাশনাল পেমেন্টস (NPCI-International Payments) যৌথভাবে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের (European Central Bank) সঙ্গে।

ইউপিআই দেশের অভ্যন্তরে ইতিমধ্যেই তার শক্তি প্রমাণ করেছে। ইউপিআই ব্যবহারকারীরা প্রতি মাসে লেনদেনের নতুন রেকর্ড তৈরি করছেন। গত অক্টোবর মাসে ইউপিআইয়ের মাধ্যমে মোট ২ হাজার ৭০ কোটি লেনদেন হয়েছে, যার মোট মূল্য ছিল ২৭ লক্ষ ২৮ হাজার কোটি টাকা। ভারতে বর্তমানে ৫০ কোটি ৯০ লক্ষ ব্যবহারকারী এই সিস্টেম ব্যবহার করেন।

তবে শুধু দেশ নয়, ইউপিআইয়ের এই সুবিধা একাধিক দেশ গ্রহণ করেছে। এর মধ্যে সিঙ্গাপুর, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহীর নাম উল্লেখযোগ্য। বর্তমানে ২০ লক্ষের বেশি আন্তর্জাতিক মার্চেন্ট ইউপিআই পেমেন্ট গ্রহণ করে।

অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু জানিয়েছেন, আরও অন্তত সাত-আটটি দেশে ইউপিআই নিয়ে আলোচনা চলছে। ইউপিআইয়ের এই বিশ্বব্যাপী প্রসার কেবল প্রযুক্তির জয় নয়, এটি আন্তর্জাতিক স্তরে ভারতের অর্থনৈতিক ক্ষমতারই প্রতিচ্ছবি।