বিয়ের মানেই কি প্রচুর টাকা খরচ? এই ধারণা বদলে দিয়ে চীনের গুইঝো প্রদেশের এক দম্পতি তাক লাগিয়ে দিলেন বিশ্বকে। পেশাদার কুস্তিগীর বর হে ইনশেং এবং তাঁর নববধূর বিয়ের আয়োজন দেখে হতবাক অতিথিরা। বিয়ের বিলাসবহুল অনুষ্ঠানের লক্ষ লক্ষ টাকা অপচয় না করে, দম্পতি হোটেলের গ্র্যান্ড হলটিকে রূপান্তর করলেন এক আস্ত কুস্তির আখড়ায়।
বিয়ের পোশাকেই বর-কনে নেমে পড়লেন কুস্তির রিংয়ে। লড়াইয়ের মূল শর্ত ছিল—যে হারবে, তাকে সারাজীবন ঘরের সমস্ত কাজ অর্থাৎ রান্না, ঝাড়ু দেওয়া ও বাসন মাজার দায়িত্ব নিতে হবে। তিন রাউন্ডের এই উত্তেজনাকর ম্যাচে অতিথিরা তো বটেই, শিশুরা পর্যন্ত খাওয়া-দাওয়া ভুলে রিংয়ের চারপাশে ভিড় জমায়। শেষ পর্যন্ত কনের এক জাদুকরী চালে বর ধরাশায়ী হন এবং রেফারি কনেকে বিজয়ী ঘোষণা করেন।
ম্যাচ শেষে অবশ্য বর নিজেই ফাঁস করলেন আসল রহস্য। তিনি হাসতে হাসতে জানান, হারটা আসলে পূর্বপরিকল্পিত ছিল। স্ত্রীকে দিয়ে বাড়ির কাজ করানো তাঁর উদ্দেশ্য ছিল না, বরং বিয়ের দিনটিকে স্মরণীয় করে তুলতেই এই মজাদার কৌশল বেছে নেওয়া। যদিও শুরুতে বাড়ির বয়স্করা বিষয়টি অদ্ভুত মনে করেছিলেন, কিন্তু পরে তাঁরাও এই অনন্য বিনোদন উপভোগ করেন। বর্তমানে এই প্রাক-বিবাহ চুক্তির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের কাছে এখন এক অনুপ্রেরণামূলক ও মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে।





