যেসব প্রাণী প্রায় বিলুপ্ত হতে চলেছে, তাদের নতুন জীবনের স্পন্দন মানুষকে অবাক করে এবং আনন্দ দেয়। পৃথিবী থেকে প্রায় মুছে যেতে বসা সাদা হরিণ প্রজাতির এডাক্স এবার নতুন করে আশার আলো দেখিয়েছে। সম্প্রতি আমেরিকার কানসাসের একটি চিড়িয়াখানায় একটি এডাক্স হরিণের শাবকের জন্ম হয়েছে।
বিরল হরিণের জন্ম
রোলিং হিলস চিড়িয়াখানায় মা ফেলিসিটি এবং বাবা আয়াক্স এই শাবকের জন্ম দিয়েছে। ২০২৩ সালের পর এই জুটি আবার বাবা-মা হলো। বর্তমানে এই ছোট্ট শাবকটি তার বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানার ঘাস ও গাছপালা দিয়ে ঘেরা একটি অংশে থাকছে এবং দর্শনার্থীরাও তাকে দেখতে পাচ্ছেন।
একসময় সাহারা মরু অঞ্চলে প্রচুর এডাক্স হরিণ দেখা যেত। কিন্তু নির্বিচারে শিকারের ফলে এদের সংখ্যা এতটাই কমে গেছে যে এখন এরা পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণীদের তালিকায় রয়েছে। তাই এই শাবকের জন্ম গোটা বিশ্বের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর। চিড়িয়াখানার কর্মীরা এবং দর্শনার্থীরা বিশ্বাস করেন যে এই নতুন অতিথিরা তাদের প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে।





