বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর, প্রাণ বাঁচাতে মাঠ দিয়ে দৌড় দিলেন শুভেন্দু!

ভোট উৎসবের মাঝেই রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে ঘিরে ধরে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

বুথ এজেন্টকে কেন্দ্র করে বিবাদ

এদিন সকালে কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন খবর আসে, একটি নির্দিষ্ট বুথে বিজেপি-র পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সেখানে পৌঁছাতেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল নিজের দলের এজেন্ট ছাড়া কাউকে বুথে থাকতে দিচ্ছিল না।

পুলিশের সামনেই মারধর, মাঠ দিয়ে দৌড় প্রার্থীর!

বিবাদ চরমে পৌঁছালে বুথ থেকে বেরিয়ে আসেন শুভেন্দু সরকার। ঠিক সেই সময় একদল যুবক তাঁকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম), পুলিশ কর্মীদের সামনেই ওই বিজেপি প্রার্থীকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হচ্ছে। অবস্থা বেগতিক দেখে প্রাণ বাঁচাতে রাস্তা ছেড়ে ফাঁকা মাঠ দিয়ে দৌড়াতে শুরু করেন শুভেন্দু সরকার।

কমিশনে অভিযোগ, মুখে কুলুপ তৃণমূলের

এই নজিরবিহীন হামলার ঘটনায় অভিযোগের তির সরাসরি তৃণমূলের দিকে। যদিও শাসকদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। কমিশন পুরো ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে।

প্রথম দফার নির্বাচনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের এই অশান্তির ছবি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy