বিজয়-এর জনসভায় পদপিষ্টের ঘটনায় সক্রিয় কেন্দ্র! স্ট্যালিনের কাছে রিপোর্ট চাইলেন অমিত শাহ

তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর জনসভায় পদপিষ্ট হয়ে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সক্রিয় হল কেন্দ্রীয় সরকার। এই ভয়াবহ বিপর্যয়ের পর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন।

এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তামিলনাড়ু সরকারের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তায় বলা হয়েছে, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি কীভাবে তৈরি হলো, তা স্পষ্ট করে জানাতে হবে। একইসঙ্গে, উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার সমস্ত তথ্য কেন্দ্রকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন ঘটল এমন বিপর্যয়?
জানা যাচ্ছে, শনিবারের এই জনসভার জন্য প্রথমে ৩০ হাজার মানুষের অংশগ্রহণের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু বিজয়কে দেখতে শেষ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ হাজির হন, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।

মূল অভিযোগ উঠেছে সভার আয়োজন নিয়ে। নেতা বিজয় জনসভায় পৌঁছতে প্রায় ছয় ঘণ্টা দেরি করেন। বিকেল থেকে অপেক্ষমাণ ভিড় সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ টিভিকে প্রধান বিজয় যখন বক্তৃতা শুরু করেন, তখন মঞ্চের দিকে একসঙ্গে হাজারো সমর্থক ছুটতে শুরু করেন। এই হুড়োহুড়ির ফলেই শুরু হয় ধাক্কাধাক্কি, অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন। এতে শিশুসহ ৩৯ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তদন্ত কমিশন গঠন: মুখ খুললেন বিজয়
মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, পরিস্থিতি যাচাই ও দোষীদের শনাক্ত করতে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশানের সভাপতিত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

এদিকে, টিভিকে দলের প্রধান বিজয় এই ঘটনায় তাঁর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি।’ তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন