বিকাশ ভবন অভিযানের ডাক ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর! ২৫ জুন বড় আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগের জট এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার প্রতিবাদে ফের সরব হওয়ার ডাক দিল ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। আগামী ২৫ জুন, বৃহস্পতিবার, বিকাশ ভবন অভিযানের কর্মসূচি গ্রহণ করেছে এই সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন দুপুর ১২টায় বিকাশ ভবনের সামনে বিশাল জমায়েত করা হবে এবং সরকারের কাছে সরাসরি ডেপুটেশন জমা দিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হবে।
মূলত তিনটি সুনির্দিষ্ট দাবি নিয়ে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রথমত, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের যে তালিকা রয়েছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের নির্দেশে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়া ফের কেন থমকে গেল, তার যথাযথ ব্যাখ্যা প্রশাসনের কাছে তলব করেছে সংগঠনটি। তৃতীয়ত, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরির মেয়াদ বহাল রাখার নির্দেশ দিয়েছিল। সেই মেয়াদের পর রাজ্য সরকারের পরবর্তী পরিকল্পনা বা অবস্থান কী, তা নিয়ে ধোঁয়াশা দূর করার দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি প্যানেল খারিজ হয়ে যাওয়ার পর এই ১৫ হাজারের বেশি ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ অগাস্ট মাস পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এখন সেই সময়সীমা শেষ হতে চলায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।
সংগঠনের পক্ষ থেকে প্রতিটি জেলা থেকে প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিক্ষক মঞ্চের স্পষ্ট বার্তা, নিয়োগের ন্যায্য অধিকার এবং কর্মসংস্থানের বিষয়টি দ্রুত সমাধান করতে হবে। দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে, আগামী দিনে আরও বৃহত্তর এবং শক্তিশালী গণআন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। প্রতিটি জেলা থেকেই এই কর্মসূচিতে বড় ধরনের জমায়েত হবে বলে আশা করছে সংগঠনটি।