বার্ধক্য ও বিধবা ভাতা বেড়ে সোজা ১৫০০ টাকা, কীভাবে আবেদন করবেন জানুন

রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে রাজ্য সরকার। আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে নতুন এই বর্ধিত হার কার্যকর হতে চলেছে। গত সোমবার প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, এই তিনটি প্রকল্পের সমস্ত উপভোক্তাই প্রতি মাসে বাড়তি টাকা পেতে চলেছেন।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী—
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম (বার্ধক্য ভাতা): ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম (বিধবা ভাতা): ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিজ়অ্যাবিলিটিস স্কিম (প্রতিবন্ধী ভাতা): ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে।
উপভোক্তাদের এই বাড়তি অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই জেলা স্তরে এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। জেলাশাসক, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে (SUDA) নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
যাঁরা নতুন করে এই পেনশনের জন্য আবেদন করতে চান, তাঁদের নিচের যোগ্যতা ও নথিপত্রগুলি থাকতে হবে:
যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
দারিদ্র্যসীমার নীচে (BPL) বসবাসকারী পরিবারের সদস্য হতে হবে।
বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: ১) [Redacted] কার্ডের স্ব-প্রত্যয়িত কপি (পরিচয়ের প্রমাণের জন্য) ২) রেশন কার্ডের কপি ৩) ভোটার পরিচয়পত্রের কপি ৪) প্রতিবন্ধী সার্টিফিকেটের কপি (শুধুমাত্র প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে) ৫) আয়কর বা ইনকাম সার্টিফিকেটের কপি ৬) স্বামীর মৃত্যু সনদের কপি (শুধুমাত্র বিধবা ভাতার ক্ষেত্রে) ৭) ব্যাঙ্ক পাসবুকের কপি ৮) নমিনেশন ফর্ম (মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য) ৯) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতি
অনলাইন আবেদন (UMANG App):
স্টেপ ১: প্রথমে উমাং (UMANG) অ্যাপ ডাউনলোড করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে (https://web.umang.gov.in/web_new/home) যান।
স্টেপ ২: মোবাইল নম্বর এবং ওটিপি (OTP) ব্যবহার করে পোর্টালে লগইন করুন।
স্টেপ ৩: লগইন করার পর সার্চ অপশনে গিয়ে নাগরিক NSAP (National Social Assistance Programme) অনুসন্ধান করুন।
স্টেপ ৪: এরপর ‘অনলাইনে আবেদন করুন’ অপশনে ক্লিক করুন।
স্টেপ ৫: প্রয়োজনীয় প্রাথমিক তথ্য পূরণ করুন, পেনশন পাওয়ার পদ্ধতি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নির্বাচন করুন, প্রয়োজনীয় ছবি আপলোড করুন এবং সর্বশেষ ‘সাবমিট’ বোতামে ক্লিক করুন।
অফলাইন আবেদন:
উপযুক্ত সরকারি অফিস থেকে বিনামূল্যে এই আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
গ্রামীণ এলাকা: স্থানীয় বিডিও (BDO) কার্যালয় অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে যথাস্থানে জমা দিতে হবে।
এছাড়া, আগামী দিনে আয়োজিত হতে চলা ‘জনকল্যাণ শিবির’ থেকেও এই ফর্ম সংগ্রহ করা যাবে এবং সেখানে উপস্থিত সরকারি কর্মীরা ফর্ম পূরণে সাহায্য করবেন।