বাংলায় সপ্তাহান্তে জাঁকিয়ে বৃষ্টি? জেনে নিন রাজ্যের লেটেস্ট ওয়েদার আপডেট

গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বর্তমানে চলছে বৃষ্টির দাপট। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডি (IMD)-র পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের কিছু নির্দিষ্ট জেলায় আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবারের পর দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। এছাড়া কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী রবিবার পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে এবং প্রতিদিন এক-দু’পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কবে থেকে বাড়বে দুর্যোগ?

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্রটি কিছুটা আলাদা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো বড় সতর্কতা নেই। ২৫ জুলাই পর্যন্ত সেখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

তবে ২৬ জুলাই অর্থাৎ রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং সহ ওপরের দিকের ৫টি জেলায় ২৬ জুলাই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।