পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২৬ এখন তুঙ্গে। প্রথম দফার ভোট মিটতেই এবার নজর আগামী বুধবারের দ্বিতীয় দফার হাইভোল্টেজ লড়াইয়ের দিকে। আর এই দফায় দলের জয়ের জমি শক্ত করতে বাংলাতেই কার্যত ডেরা বেঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারের এমন ঠাসা কর্মসূচির কারণে নিজের রাজ্যে সশরীরে উপস্থিত হয়ে ভোট দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
পোস্টাল ব্যালটেই ভরসা প্রধানমন্ত্রীর? সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বুধবার যখন বাংলায় দ্বিতীয় দফার ভোট চলবে, তখন প্রধানমন্ত্রী এ রাজ্যের একাধিক জনসভা ও রোড-শো’তে ব্যস্ত থাকবেন। নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করতে তিনি তাই ‘পোস্টাল ব্যালট’ বা ‘অনুপস্থিত ভোটার’ (Absentee Voter) ক্যাটাগরিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর।
বঙ্গ জয়ে মরিয়া মোদি: আজ রবিবারও উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং হুগলিতে দুটি বড় জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তৃণমূলের কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, “প্রথম দফাতেই তৃণমূলের দর্প চূর্ণ হয়েছে।” রাজনৈতিক মহলের মতে, এবার বাংলার ক্ষমতা দখলে বিজেপি যে কতটা মরিয়া, প্রধানমন্ত্রীর এই টানা প্রচারসূচিই তার প্রমাণ।
কেন এই ব্যস্ততা? দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে। এই আসনগুলি গত লোকসভা নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই ধারা বজায় রাখতে এবং ভোটারদের উৎসাহিত করতেই মোদি বারেবারে বাংলায় ছুটে আসছেন। নিজের ভোট দেওয়ার চেয়েও বর্তমানে বাংলার নির্বাচনি রণক্ষেত্রকেই তিনি বেশি অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
।





