বাংলায় নতুন মদের দোকান খোলা এবার আরও কঠিন!—জেনে নিন নতুন শর্তাবলী কী কী?

পশ্চিমবঙ্গে মদের দোকানের লাইসেন্স প্রদান এবং নতুন দোকান খোলার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। একই সঙ্গে নতুন দোকান চালুর ক্ষেত্রে দূরত্বের সীমাকে আরও কঠোর করা হয়েছে এবং বন্ধ হয়ে যাওয়া লাইসেন্স পুনরুজ্জীবিত করার ক্ষেত্রেও একাধিক নতুন শর্ত আরোপ করা হয়েছে। রাজ্য সরকারের প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকেই এই সংশোধিত নিয়মগুলি কার্যকর করা হয়েছে।
বাড়ানো হলো মদের দোকান খোলার দূরত্বের সীমা পূর্বে স্কুল, কলেজ বা যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট দূরত্বের নিয়ম থাকলেও, নবান্নের নতুন নির্দেশিকায় তা আরও কঠোর করা হয়েছে। পুরনিগম, পুরসভা বা নোটিফায়ড এলাকাগুলিতে নতুন মদের দোকান খুলতে হলে তা শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় স্থান থেকে ন্যূনতম ৫০০ মিটার দূরে হতে হবে। অন্যদিকে, পুর বা পঞ্চায়েত এলাকার বাইরের জায়গাগুলির ক্ষেত্রে এই দূরত্বের ন্যূনতম সীমা বাড়িয়ে এক কিলোমিটার করা হয়েছে। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ইতিমধ্যে যে সমস্ত মদের দোকান চালু রয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না; এটি কেবল নতুন লাইসেন্সপ্রার্থীদের জন্য প্রযোজ্য।
নতুন নিয়মের ৫টি গুরুত্বপূর্ণ দিক:
১. পুরনো লাইসেন্সধারীদের সুযোগ: যাঁদের অতীতে ফরেন লিকার ট্রেড লাইসেন্স ছিল, তাঁরা নির্দিষ্ট নিয়মাবলী মেনে নতুন জায়গায় ক্যাটেগরি (E) রিটেল লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
২. কালেক্টরের সরেজমিন তদন্ত: নতুন জায়গায় লাইসেন্সের আবেদন জমা পড়ার পর কালেক্টর নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন এবং স্থানটি সমস্ত নিষেধাজ্ঞার বাইরে রয়েছে তা নিশ্চিত করে আবগারি কমিশনারের কাছে সুপারিশ পাঠাবেন।
৩. অনুমোদন ও ফি প্রদান: আবগারি কমিশনারের অনুমোদন পাওয়ার পর নির্ধারিত লাইসেন্স ফি জমা দিয়ে কালেক্টর ক্যাটেগরি (E) লাইসেন্স ইস্যু করবেন।
৪. বিদ্যমান দোকানের ক্ষেত্রে নতুন সুবিধা: পুরনো এফএল ‘অন’ (FL ‘ON’) শপের জায়গাতেই এখন নতুন 4(p) লাইসেন্স নিয়ে সব ধরনের মদ বিক্রি করা সম্ভব হবে।
৫. তৎক্ষণাৎ কার্যকর: আবগারি দফতরের এই সংশোধিত নির্দেশিকা প্রকাশের দিন থেকেই পুরো রাজ্যে বলবৎ করা হয়েছে।