বসের চোখ এড়িয়ে রোজ অফিসে লেট! সান ফ্রান্সিসকোতে কর্মী ছাঁটাই করল খোদ ‘এআই ম্যানেজার’!

অফিসে বস নেই—এই সুযোগে প্রতিদিন দেরি করে অফিসে আসার পুরনো অভ্যাস এক কর্মীর জন্য ডেকে আনল চরম বিপর্যয়। সান ফ্রান্সিসকোর এক অভিনব কর্মসংস্কৃতিতে এমন এক ঘটনা ঘটেছে, যা আধুনিক প্রযুক্তির যুগে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। ‘এই তো জীবন আসি যাই, মাইনে পাই’—এই চিরাচরিত মানসিকতা নিয়ে চলতে গিয়েই এআই ম্যানেজারের কড়া নজরদারিতে চাকরি হারাতে হলো এক কর্মীকে। ঘটনাটি আধুনিক করপোরেট দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে নতুন জল্পনার সৃষ্টি করেছে।

ঘটনার নেপথ্যে রয়েছে সান ফ্রান্সিসকোর ‘অ্যান্ডন ল্যাবস’ নামক একটি প্রতিষ্ঠান, যারা ‘অ্যান্ডন মার্কেট’ নামের একটি পরীক্ষামূলক অফিস পরিচালনা করে। এই অফিসে মানব বসের পাশাপাশি ব্যবসার তদারকি ও ব্যবস্থাপনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ‘লুনা’ নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বা এআই ম্যানেজারকে। অফিসে কোনো মানুষের নজরদারি নেই ভেবে ওই কর্মী ২৩টি শিফটের মধ্যে ১৭টিতেই দেরিতে উপস্থিত হন। তিনি শুধু কেবিনে বস নেই কি না দেখে নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু ওই কর্মী বুঝতে পারেননি যে, কেবিন ফাঁকা থাকলেও অফিস চত্বরে সক্রিয় রয়েছে এক অতন্দ্র প্রহরী—এআই ‘সুপার বস’। লুনার মেমরিতে জমা হওয়া তথ্যে স্পষ্ট ধরা পড়ে কর্মচারীর এই অনিয়মের চিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে সরাসরি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত না নিলেও, মানুষের দেওয়া নির্দেশ বা প্রম্পট অনুযায়ী কাজ করে। যখন মানব নিয়ন্ত্রকরা লুনার কাছে ২৩টি শিফটের মধ্যে ১৭ বার দেরিতে আসার এই তথ্য পান এবং কোম্পানির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, তখন এআই ম্যানেজার ‘লুনা’ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে। ফলস্বরূপ, ওই কর্মীকে তৎক্ষণাৎ চাকরিচ্যুত করা হয়। কর্মসংস্কৃতির ইতিহাসে এটি এক বিরল ঘটনা, যেখানে মানুষের পরিবর্তে কোনো এআই ম্যানেজারের রিপোর্টের ভিত্তিতে কারও চাকরি গেল।