বর্ষার দাপট বঙ্গে! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার বিরাট আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ২১শে জুলাই সকাল থেকে ২২শে জুলাই সকাল পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৮.৯ মিলিমিটার, এবং আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি ও সতর্কতা:
উত্তরবঙ্গ, বিশেষত সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিকিম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, কারণ এই সমস্ত জেলায় ৭ থেকে ১১ সেমি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। পূর্বাঞ্চলীয় আবহাওয়া কেন্দ্রের বিশেষ বুলেটিন অনুযায়ী, ১৯শে জুলাই থেকে শুরু করে ২৫শে জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (০৭–২০ সেমি) হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি (০৭–১১ সেমি) হতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ও নিম্নচাপের আগমন:
দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। কিছু কিছু জেলায় অল্প কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া— প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০ সেমি-তেও পৌঁছাতে পারে।
তবে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের বৃষ্টি শুরু হবে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ, সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে, রাজ্যজুড়ে আগামী কয়েকদিন ধরে বর্ষার দাপট অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।